- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৫৫টি গাছের প্রাণ বাঁচালেন সংসদ সদস্য

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া চলছিলো। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পাওয়ার পর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, মাটি পরীক্ষা ও পাইলিং কাজের উদ্বোধন করা হয়। এছাড়াও ভবন এলাকাতে বালু, পাথর ও লোহার রড এনে এখানে রাখা হয়েছে। কিন্তু ভবন কাজটি পুরোপুরিভাবে শুরু করতে গেলে উপজেলা পরিষদ এলাকার সেগুন, গামারী, আম, জাম, মেহগনিসহ বিভিন্ন জাতের ৫৫টি গাছ কাটার পর ভবন নির্মাণ কাজ শুরু করতে হবে।
গাছ কেটে উপজেলা পরিষদ ভবন নির্মাণ নির্মাণ হবে বিষয়টি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও তাহিরপুর উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেন ৫৫টি গাছ কেটে উপজেলা পরিষদ ভবন নির্মাণ করা যাবে না। সে লক্ষে তিনি উপজেলা পরিষদের দক্ষিণে জমি ক্রয় করার জন্য পরামর্শ দেন। এবং জমি কেনার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করবেন বলেও তিনি তাদের জানান।
বিষয়টি নিয়ে এলাকার পরিবেশবাদীসহ অন্যরা যারপরনাই খুশী হয়েছেন। তারা সংসদ সদস্যের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
সম্প্রতি তাহিরপুর উপজেলা পরিষদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ৬ কোটি ৫৮ লক্ষ ৮৭ হাজার ৭২৪ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একটি নতুন ভবনের দরপত্র আহবান করা হয়। ভবন নির্মাণ কাজটি পায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর আইসা এলাকার মেসার্স সাইমুন কন্সট্রাকসন।
তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম বলেন, নতুন ভবনটি পরিষদ এলাকার গাছ কেটে নির্মাণ করা হলে বিষয়টি অসুন্দর দেখা যাবে। গরমের দিনে গাছের নিচে বসতে ভালো লাগে। পরিষদের পরিবেশও সুন্দর দেখা যায়। তিনি জানান, নতুন ভবনটি উপজেলা পরিষদের দক্ষিণ দিকে নির্মাণ করা হলে পরিষদের সৌন্দর্য্য বাড়বে।
ভাটি তাহিরপুর গ্রামের তালিমুল ইসলাম দুলাল বলেন, তাহিরপুর উপজেলা পরিষদ নতুন ভবন নির্মাণের জন্য তার নিকট স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের লোকজন বর্তমান বাজার মূল্যে জমিটি ক্রয়ের জন্য বলেন, আমি তাতে সম্মতি প্রদান করেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, সংসদ সদস্য এ এলাকার মুরব্বি। নতুন ভবন নির্মাণের জন্য তিনি বলেছেন গাছ না কেটে পরিষদের দক্ষিণে ভবন নির্মাণের জন্য। আমরা চিন্তা করে দেখেছি এটি খুবই সুন্দর প্রস্তাব, এটি বাস্তবায়িত হলে তাহিরপুর উপজেলা পরিষদটি একটি মডেল উপজেলায় রূপান্তরিত হবে।
সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, গাছ প্রকৃতির এক অপরূপ দান। গাছ কেটে আমি উপজেলা পরিষদ ভবন নির্মাণ করতে দেবো না। আমি ইউএনও তাহিরপুরকে বলে দিয়েছি উপজেলা পরিষদের দক্ষিণ দিকের জায়গাটি ক্রয় করার জন্য। প্রয়োজনীয় টাকার ব্যবস্থা করে দেবেন বলেও তিনি জানান। তিনি আরো জানান, ভূমি ক্রয়ের জন্য কিছু টাকা ভূমি মালিকদের নিকট হস্তান্তর করেছেন।

  • [১]