শাল্লা প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ৫ ও ৬ মার্চ শাল্লা উপজেলায় হাওর উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ শাল্লা সমিতির আয়োজনে কুশিয়ারা নদীর ডানতীরের গ্রাম শাল্লায় হাওর উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে সহযোগী হিসেবে রয়েছে ডিএসপি। উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি এবং সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত থাকবেন।
এছাড়াও উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা সহ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (সিআইডি প্রধান) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরীসহ সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, জাতীয় ও জেলা পর্যায়ের রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
ঢাকাস্থ শাল্লা সমিতির উপদেষ্টা ডা. আবুল কালাম চৌধুরী বলেন, মুজিববর্ষ উপলক্ষে মার্চ মাসের ৫ ও ৬ এই দুই দিন এ উৎসবটি হবে স্মরণকালে হাওরাঞ্চলের বৃহত্তম উৎসব। থাকবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, ঐতিহাসিক আলোকচিত্র প্রদর্শনী ও ফানুস উড়ানো, গ্রামীণ বারোয়ারি মেলা, কৃষি ও গৃহস্থালী উপকরণ প্রদর্শনী, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা, পুতুল নাচ ইত্যাদি। উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় পর্যায়ের নন্দিত সিনেমা-টেলিভিশন অভিনয় শিল্পী এবং সংগীত শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকবে রক্তের গ্রুপ নির্ধারণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
উৎসবে আগত পর্যটকদের জন্য নদী ভ্রমণ, মাছ ধরা, বিলের তীরে তাবু বাস ক্যাম্পফায়ারের মত বিভিন্ন রোমাঞ্চকর আয়োজন করা হবে। সাইক্লিস্ট ও বাইকারদের দুটি দল ঢাকা থেকে র্যালি করে সামিল হবেন এই আয়োজনে।
সংগঠনের সভাপতি রুবেল শঙ্কর বলেন, মুজিববর্ষে অনেক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। কিন্তু বৃহত্তর হাওরাঞ্চলে উল্লেখযোগ্য কোন অনুষ্ঠানের পরিকল্পনা আছে বলে আমরা শুনিনি। উৎসবটি শাল্লায় হলেও মুলত বৃহত্তর হাওরবাসীর কথা চিন্তা করেই এটির পরিকল্পনা করা হয়েছে।
আয়োজনের অনেকাংশ জুড়েই থাকবে হাওরের মাটি ও মানুষের কৃষি-পরিবেশ-ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির সমন্বিত উপস্থাপন।