স্টাফ রিপোর্টার
বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করাসহ মাধ্যমিকের সমস্যা সমাধানের ৫ দফা দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে বাসমাশিস এর উদ্যোগে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, বাসমাশিস সুনামগঞ্জের সভাপতি ও সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মো. মাশহুদ চৌধুরী, সহসভাপতি মফিজুর রহমান, বাসমাশিসের কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক শিক্ষা সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য আল ইমরান, জেলা বাসমাশিসের সাধারণ সম্পাদক একে এম আজাদ, সাংগঠনিক সম্পাদক সামায়ূন কবীর, সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ
মানববন্ধনে বক্তারা জানান, মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করতে হবে। উচ্চ মাধ্যমিকের সাথে যৌথভাবে কাজ করতে গিয়ে মাধ্যমিকের শিক্ষকদের নানা সমস্যার সম্মুখিন হতে হয়। সেই সাথে শিক্ষাকার্যক্রমেও জটিলতার সৃষ্টি হয়। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক যৌথ থাকায় মাধ্যমিকের শিক্ষকদের গুরুত্ব দেয়া হয় না। তাই মাধ্যমিকের শিক্ষকদের পাঁচ দফা দাবি পূরণসহ সকল সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এর আগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।