বিশেষ প্রতিনিধি
বাক প্রতিবন্ধী, আবার শারীরিকভাবেও প্রতিবন্ধী (নিজে ওঠে দাঁড়াতে পারে না) ১৮ বছর বয়সি তরুণীকে ধর্ষণ করেছে নেশাগ্রস্ত যুবক, এমন অভিযোগ ওঠে সুনামগঞ্জের ধর্মপাশার পল্লীতে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বলে দেয়, ডাক্তারী পরীক্ষা করিয়ে নিয়ে আসুন মামলা নেওয়া হবে। ১২ ডিসেম্বরের ঘটনা এটি। পরিবারের লোকজন ১৪ ডিসেম্বর দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী তরুণীকে। ২৩ ডিসেম্বর হাসপাতাল থেকে দেওয়া (১৮ ডিসেম্বর তারিখ উল্লেখ করে) লিখিত রিপোর্টে উল্লেখ করা হয়, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোন আলামত পাওয়া যায় নি।
ধর্ষিতার চাচাতো ভাই গেল রোববার দুপুর ১২ টায় এ প্রতিবেদককে বললেন, রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গাজিনগর গ্রামের বাসিন্দা মৃত লালু মিয়ার ছেলে রফিকুল ইসলাম নেশাগ্রস্ত, অমানুষ। আমার বোন নিজে নিজে বাথরুমে যেতে পারে না, তাকে খাইয়ে না দিলে খেতে পারে না, কথাও বলতে পারে না। ঘরে কেউ না থাকার সুযোগে এমন মানুষটিকে জোর করে খারাপ কাজ করেছে অমানুষ। আমরা শতভাগ নিশ্চিত হয়ে অভিযোগ পুলিশকে জানিয়েছি ভাই, তারা মেডিকেল রিপোর্ট নিয়ে যেতে বলেছেন। ২৩ ডিসেম্বর আমাদেরকে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়, ওখানে নেগেটিভ উল্লেখ করায় আমরা কোথাও অভিযোগ জানাতে পারিনি।
মেয়েটির গ্রামের মসজিদের ইমাম মো. কামরুজ্জামান বললেন, মেয়েটি ইশারায়ও কথা বলতে পারে না। ঘটনার পর সবাই জড়ো হয়েছেন, আমিও গিয়েছি, আলামত দেখে হাটির সকলেই বলেছেন, ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু বিচার তো পেল না। অভিযুক্ত রফিকুলের চাচাতো ভাই মো. রোকন মিয়া অবশ্য ঘটনার পরই দাবি করেছেন, এই অভিযোগ সত্য নয়।
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের আদিবাসী পল্লীর নব বিবাহিতা তরুণী (২৩) পাহাড়ী ছড়াতে গোসল করতে গিয়ে ১৪ আগস্ট ধর্ষণের শিকার হয়। ওইদিনই তরুণীর মা তাহিরপুর থানায় মামলা (নম্বর-জিআর ১২/২১২) দায়ের করেন। পরদিন ১৫ আগস্ট ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে আসেন ওই তরুণী। এ ঘটনায় ক্ষুব্ধ আদিবাসী পল্লীর বাসিন্দারা সুনামগঞ্জ শহরে এসে বিক্ষোভ ও মানববন্ধন করেন। ধর্ষিতার মামা জানান, ১০ দিন পর ডাক্তারি পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হাতে পান তারা।
তাহিরপুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আবু বকর সিদ্দিক মেডিকেল রিপোর্টে নেগেটিভ আসার কথা উল্লেখ করে ধর্ষণ নয়, ধর্ষণের চেষ্টার কথা উল্লেখ করে আদালতে ২১ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন।
নির্যাতিতা তরুণীর মামা মঙ্গলবার এই প্রতিবেদককে বললেন, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কথা উল্লেখ না করায় আমরা হতাশ হয়েছি। এমন সত্য ঘটনা আমরা প্রমাণ করতে পারছি না। আমার ভাগিনি আদালতে ভয়ে ধর্ষণ চেষ্টার কথা বলেছে।
ওই তরুণীর আইনজীবী গত ১০ নভেম্বর অভিযোগ পত্রের বিরুদ্ধে আদালতে নারাজী দাখিল করেন। নারাজীর আবেদনে আইনজীবী অ্যাডভোকেট মতিয়া বেগম উল্লেখ করেন, তাহিরপুর থানা পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষায় সময় ক্ষেপণ করেছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার সময় কাপড়চোপড় সঙ্গে না দিয়ে থানা হেফাজতে রেখে নষ্ট করা হয়েছে। নির্যাতিতার বাংলা ভাষা সম্পর্কে ধারণা কম। বলতে পারে না, বুঝতেও পারে না। এ কারণে না বুঝে ২২ ধারার জবানবন্দি দিতে ভুল করে সে ধর্ষণের কথা উল্লেখ না করে ধর্ষণের চেষ্টার কথা উল্লেখ করেছে। ওখানে দো-ভাষী নিয়োগ করা জরুরি ছিল। ন্যায় বিচারের স্বার্থে আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩’এর ৯ (১) ধারায় অপরাধ আমলে নিয়ে বিচার কার্য গ্রহণ করে সুবিচার প্রার্থনা করেন আইনজীবী।
এই মামলার আসামী তাহিরপুর সীমান্তের রাজাই গ্রামের আব্দুল রশিদ (৪৫) গত ১২ ডিসেম্বর আদালত থেকে জামিন লাভ করেন।
তাহিরপুর থানার ওসি অবশ্য বলেছেন, তাহিরপুর সীমান্তের আদিবাসী তরুণীর ডাক্তারি পরীক্ষার রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায় নি। ভিকটিম আদালতে ২২ ধারার জবানবন্দিতে ধর্ষণের কথা উল্লেখ না করে ধর্ষণের চেষ্টার কথা উল্লেখ করেছেন। এখানে পুলিশের কোন অবহেলা ছিল না। অভিযোগ পাবার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।
শাল্লা উপজেলার বাক প্রতিবন্ধী তরুণী গৃহ পরিচারিকার কাজ করার সময় যৌন নিপীড়নের শিকার হয়। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্তা হয়ে পড়ে। ১৭ নভেম্বর দিরাই হাসপাতালে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাতও ঘটানো হয়। মেয়েটি পরে পরিবারের লোকজনকে ইশরায় জানিয়ে দেয় হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের এলাছ মিয়া ধর্ষণ করে গর্ভপাত ঘটিয়েছে তার। এই বিষয়ে ২২ নভেম্বর শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯) (১)সহ ৩১৩ ধারায় মামলা হয়। মামলা দায়েরের পরদিন ভিকটিমের ডাক্তারি পরীক্ষা হয় সুনামগঞ্জ সদর হাসপাতালে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. লিপিকা দাস জানালেন, মেয়েটি মুখে কথা বলতে পারে না। কোন আলামতও পাওয়া যায় নি। ইউরিন টেস্টেও নেগেটিভ এসেছে। গর্ভপাত কোথায় ঘটিয়েছে, কোনো কাগজপত্র নেই। এই অবস্থায় আমাদেরকে নেগেটিভ রিপোর্টই দিতে হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানালেন, শাল্লার বাকপ্রতিবন্ধি ভিকটিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পুলিশের কাছে পাঠানো হয়েছে।
শাল্লা থানার সাবইন্সপেক্টর আবুল বাশার বৃহস্পতিবার জানালেন, এই মামলা তদন্তাধীন আছে, আসামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায় নি। কেন পাওয়া যায় নি জানতে চাইলে বললেন, হাসপাতাল কর্তৃপক্ষ পাঠায় নি। হাসপাতাল কর্তৃপক্ষ পাঠিয়েছে বললে, তিনি বললেন আমরা পাই নি। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম বললেন, না পেলে জানানো উচিৎ ছিল, বিষয়টি দেখছি আমি।
শুধু মাত্র বাক প্রতিবন্ধী এই দুই তরুণি বা আদিবাসী তরুণী নয়, সুনামগঞ্জের হাওরাঞ্চলে নিরীহ, হতদরিদ্র নারী ও শিশুরা ধর্ষণের শিকার হলেও ফরেনসিক প্রতিবেদনে আলামতের প্রমাণ পাওয়া যায় না। গেল ৬ মাসে সুনামগঞ্জ সদর হাসপাতালে ধর্ষণের অভিযোগ নিয়ে ডাক্তারি পরীক্ষা করতে আসে ৬২ জন নারী ও শিশু। ডাক্তারি পরীক্ষায় তাদের কারও শরীরেই ধর্ষণের আলামত পাওয়া যায়নি। অথচ ধর্ষণ মামলার ক্ষেত্রে ডাক্তারের রিপোর্ট গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতেই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারি সংস্থা। ডাক্তারি প্রতিবেদন তৈরিসহ পুরো প্রক্রিয়ায় অব্যবস্থাপনা চলছে বলে অভিযোগ নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের। তাদের দাবি সাধারণতঃ ফরেনসিক বিভাগে জবাবাদিহিতার জায়গাটা শিথিল। এ কারণে অনেক সময় দায়সারা গোছের প্রতিবেদন দেয় তারা। এতে তদন্ত ঠিকমত এগুতে পারে না। ঘুরে যায় মামলার গতিপথ। তাদের দায়িত্বহীনতার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যায় অপরাধীরা। তবে এ বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন, আধুনিক যন্ত্রপাতি, জনবল সংকটসহ নানা সমস্যার মধ্যে দিয়ে কাজ করতে হয় ফরেনসিক বিভাগকে। এরপরও যেসব যন্ত্রপাতি আছে তা দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেন তারা। তাদের দাবি, বেশিরভাগ ভিকটিমই সচেতন নন। তাদের অজ্ঞতা ও অসচেতনতাই আলামত নষ্ট হয়ে যওয়ার প্রধান কারণ।
সুনামগঞ্জ সদর হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. লিপিকা দাস বললেন, ভিকটিমকে যদি ৪৮ ঘন্টার মধ্যে হাসপাতালে আনা যায় তাহলে ধর্ষণের আলামত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাৎক্ষণিক করা গেলে আর ভালো ফল পাওয়া যায়। তবে ৪৮ ঘন্টা পার হয়ে গেলে সমস্যা তৈরি হয়। কারণ ওই সময়ের মধ্যে ভিকটিম গোসল সহ অন্যান্য কাজে পানি ব্যবহার করলে তখনই আলামত নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া ছোয়াব পরীক্ষার মাধ্যমে যেটি করা হয়, সেটিও তিনদিনের বেশি থাকে না। নির্যাতনের শিকার প্রতিবন্ধী কিশোরী ও আদিবাসী নারীর ক্ষেত্রে এমনটি ঘটেছে। তিনিও ধর্ষণের আলামত নষ্টের ক্ষেত্রে ভিকটিমের অজ্ঞতাই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী বলে মনে করেন। কাজ করতে কিছু সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি বললেন, হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) স্বয়ংসম্পুর্ণ টিম নেই। রেডিওলজি বিভাগও সক্রিয় নয়, এ কারণে ভিকটিমের বয়স নির্ধারণে সমস্যা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনিসুল হক বললেন, বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিমের অজ্ঞতার কারণে আলামত নষ্ট হয়ে যায়। এ কারণে নেগেটিভ রিপোর্ট দিতে হচ্ছে। গেল ৬ মাসে যে রিপোর্ট দেওয়া হয়েছে, এভাবেই হয়েছে। ডাক্তার, কর্মচারী শূন্যতায় কাজে সমস্যা হবার কথা জানালেন তিনিও।
সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য বলেন, ধর্ষণ একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই ফরেনসিকের প্রতিবেদন তৈরির ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন। সদর হাসপাতালের গত ছয় মাসের সবগুলো প্রতিবেদনই ধর্ষণের আলামত মেলে নি। এতে কী প্রশ্ন জাগে না? ঘাটতিটা আসলে কোথায়?
তিনি আরও বলেন, ধর্ষণের প্রতিবেদনের ক্ষেত্রে অনেক সময় প্রভাবশালীদেও চাপ থাকে। যা প্রতিবেদনকে প্রভাবিত করে। এক্ষেত্রে পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তাহিরপুরে তারা ভিকটিমের আলামত থানা হেফাজতে রেখে সময় ক্ষেপণ করেছে। এ ধরণের অভিযোগও ওঠেছে।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম বললেন, ধর্ষণের ক্ষেত্রে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা গুরুত্বপূর্ণ। দেরি হলে আলামত পাওয়া কষ্টকর। ধর্ষকের ও ভিকটিমের ডিএনএ টেস্ট করেও রিপোর্ট পাওয়া যায়। সামাজিক-পারিপার্শিক বাস্তবতায় এখনো আলামত নষ্টের কারণেই ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয় বেশিরভাগ ক্ষেত্রেই। অজ্ঞতা, প্রত্যন্ত এলাকা, ঘটনা লুকিয়ে রাখার প্রবণতা, ধর্ষণকারী প্রভাবশালী ইত্যাদি নানা কারণে আলামত নষ্ট হতে পারে। তাই বলে সুনিশ্চিতভাবে বলা যাবে না যে ধর্ষণ হয় নি। ভিকটিমের স্বাস্থ্য, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ অন্যন্য আনুষঙ্গিক বিষয় থেকেও যদি প্রমাণ করা যায় যে ধর্ষণ হয়েছে, তাহলেও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব। এখনকার আধুনিক ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাবার ব্যবস্থা একসময় ছিল না। দ-বিধির ৩৭৬ ধারায় ধর্ষণের বিচার হতো। এক্ষেত্রে প্রশাসন, বিশেষ করে পুলিশের কাছে এ ধরণের অভিযোগ গেলেই তাদের দায়িত্ব হচ্ছে দ্রুত ডাক্তারের কাছে ভিকটিমকে পাঠানো। মোটকথা ভিকটিমের পাশে দাঁড়াতে হবে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, সুনামগঞ্জের সভাপতি ফৌজিআরা শাম্মী বললেন, ধর্ষণের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই ভিকটিম থাকে দুর্বল। প্রভাবশালী ধর্ষকের চাপে একসময় ভিকটিম প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলে। কাউকে এক পর্যায়ে পাশেও পায় না। পাশে থাকার প্রবল আগ্রহ থাকে না আমাদের কারোরই। এই পর্যায়ে আপোসের দিকে যেতে বাধ্য হয় ভিকটিম।
সদর হাসপাতালের এই বিষয়ে (গাইনী বিভাগের) দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. তাহমিনা ইয়াছমিন চৌধুরী জানিয়েছেন, গেল পহেলা জুলাই থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্ষণের অভিযোগ নিয়ে আসা ৬২ জনের মধ্যে সকলেরই ফরেনসিক প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এরমধ্যে জুলাই মাসে ৯, আগস্ট ১০, সেপ্টেম্বর ১৯, অক্টোবর ৬, নভেম্বর ৮ এবং ডিসেম্বরে ১০ জন নির্যাতিতার ডাক্তারি পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে দশম শ্রেণির স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। দোয়ারাবাজার উপজেলার আমন ধানের জমিতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ধর্ষকের নাম মনির মিয়া (৪২), সে পাশর্^বর্তী জাহাঙ্গীরনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গণধর্ষণের ঘটনায় বুধবার রাতেই দুই ধর্ষকসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা (গণধর্ষণ মামলা ১৮, তারিখ ২৯.১২.২১) দায়ের করেছেন ওই স্কুল ছাত্রীর বাবা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানালেন, ওই ছাত্রীকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। সুনামগঞ্জে উন্নত ব্যবস্থা না থাকায় জবানবন্দি গ্রহণের পর মেডিকেল পরীক্ষার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। তার মতে সুনামগঞ্জে যেহেতু এখন মেডিকেল কলেজও হয়েছে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা যত কাছাকাছি হয় ভাল হয়, অন্যথায় আলামত নষ্ট হয়ে যাবার আশঙ্কা থাকে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. মো. শামছুল ইসলাম বললেন, আমাদের সমাজে ধর্ষণের ঘটনায় ভিকটিমকে বেশিরভাগ সময় সামাজিকভাবে হেনস্থা করা হয়। এ কারণে ঘটনার আকস্মিকতায় তারা প্রথমে করণীয় ভুলে যায়। আলামত নিয়ে আসতে দেরি করে ফেলে। আসামি যদি প্রভাবশালী হয় সেক্ষেত্রে চাপটা আরও বেড়ে যায়। আপস মিমাংসা, মামলা তুলে নিতে হুমকি নানা ধরনের চাপের মধ্য দিয়ে যেতে হয় ভিকটিমের পরিবারকে। আলামত নষ্ট হওয়ার ক্ষেত্রে এগুলো ভূমিকা পালন করে। এছাড়া বীর্যের জীবনকাল ৭২ ঘণ্টা থাকে, ভিকটিম বুঝতে বুঝতে এই সময় পার হয়ে যায়। অনেক ধর্ষকের মাইন্ড সেটআপ থাকে, তারা নানা পদ্ধতি ব্যবহার করে যাতে পরীক্ষার সময় আলামত না পাওয়া যায়।
তিনি আরও বলেন, ল্যাব না থাকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও ডিএনএন টেস্টে সমস্যা হচ্ছে। যেমন সিলেটে চুল, ছোয়াব বা অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের সুযোগ আছে, কিন্তু ডিএনএ ল্যাব না থাকায় পরীক্ষার কোন সুযোগ নাই। ডিএনএ রিপোর্টের জন্য নমুনা ঢাকায় পাঠাতে হয়। ওখান থেকে রিপোর্ট আসতে তিন থেকে ছয় মাস সময় লাগে। ততদিনে ভিকটিম পিছু হঠে এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। এ বিভাগটির প্রতি সরকারের বিশেষ নজর দেওয়া দরকার। কেননা ডিএনএ ল্যাব ছাড়া দ্রুত রিপোর্ট পাওয়া সম্ভব নয়।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বললেন, প্রতিবন্ধী তরুণির ধর্ষণের ঘটনা শুনে ওখানে পুলিশ পাঠানো হয়েছিল, থানায় অভিযোগ দিতে বলা হয়েছিল, পরিবার অভিযোগ দেয় নি, পরে আমাদের সহায়তায় ডাক্তারি পরীক্ষা করতে পাঠিয়েছি, এরপর আর যোগাযোগ করে নি পরিবারের লোকজন। তবে পরিবার বলছে ঘটনা সত্য, ডাক্তারি রিপোর্টসহ নানা বিষয়ে সহযোগিতা পাচ্ছি না আমরা।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বললেন, ধর্ষণ মামলা তদন্তের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সাজানো মামলা। গ্রামাঞ্চলে জমিজমা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে অনেক সময় ধর্ষণ মামলা দেওয়া দেওয়া হয়। জেলার জগন্নাথপুরে এক লন্ডনির বাড়ি দখলকারীকে বাড়ি ছাড়তে বলায় ধর্ষণ মামলা নিয়ে এসেছিল জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো যাচাই করতে গিয়ে প্রাথমিকভাবে কোনটি আসল কোনটি নকল বোঝা যায় না। এ কারণে অনেক সময় প্রকৃত ভিকটিম বিপদে পড়ে যায়। বিষয়গুলো আসলে গভীর তদন্তের দাবি রাখে। তিনি জানালেন, সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় অনেক সময় ঘটনা ঘটলে পরীক্ষায় আসতে আসতে আলামত নষ্ট হয়ে যায়। আলামত নষ্ট হয়ে গেলেই মামলা হবে না বা ভিকটিম ন্যায়বিচার বঞ্চিত হবে এমন টা আমার দায়িত্বে থাকা অবস্থায় হবার সুযোগ নেই। ঘটনার পর পর পুলিশ বা মহিলা পুলিশ প্রাথমিক যাচাই করেও ঘটনার সত্যাসত্য অনেকটা জানতে পারে। সঙ্গে সঙ্গে মেডিকেল রিপোর্টের জন্যও পাঠাতে পারে। আমার জানা অবস্থায় কোন অধস্তন পুলিশ অফিসারের এই বিষয়ে অবহেলার সুযোগ নেই। তিনি জানালেন, গেল ছয় মাসে তারা ৪৬ টি ধর্ষণ মামলা নিয়েছেন। অভিযোগ দাখিল হয়েছে ২২ টিতে, তদন্তাধীন আছে ২১ টি মামলা, ৩ টি অভিযোগের ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে।