সু.খবর ডেস্ক
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ছয় মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচন দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন। এ নির্বাচনের জন্য আইনে বেশ কিছু সংশোধন ও সংযোজন আনতে হবে। প্রয়োজনে অধ্যাদেশ জারি করে ছয় মাসের মধ্যে নির্বাচনের চেষ্টা করা হবে। জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার ছিল জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন।
মন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিতে জীবন ও গতি এসেছে। গ্রামের মানুষের চাহিদায় পরিবর্তন এসেছে। আগে মানুষ রাস্তাঘাট চাইত। এখন তারা চায় খাম্বা ও বিদ্যুৎ। তিনি আরও বলেন, এখন ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান ও করণিক আছেন। এখন ইউনিয়ন পরিষদে একটি উপসহকারী প্রকৌশলীর পদ দাবি করা হচ্ছে। এটা দেশের উন্নয়ন ও অগ্রগতির আরেকটি লক্ষণ।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উন্নয়নের ধারায় জেলা প্রশাসকদের আরও বেশি সম্পৃক্ত হতে বলা হয়েছে। তাঁরা প্রত্যেকে ইউনিয়ন পরিষদে যাবেন। সেখানকার কার্যক্রম নজরদারি করবেন।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ‘বিরোধী দল এত দিন গুমের হিসাব চাইত। এখন তো তারা নিজেরাই গুম হয়ে গেছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।