স্টাফ রিপোর্টার
চলমান লকডাউনে কর্মহীন ও অসহায় ৭৫০ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন এই উপহার সামগ্রী পৌঁছে দেবার আয়োজন করে।
পৌর এলাকার ছোট ছোট দোকানী, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, রেস্তোরা কর্মচারী, মুচি, ক্ষৌরকার এবং তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ১৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ১ লিটার সোয়াবিন ও সাবান তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী তুলে দেন. জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত প্রমুখ।
ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, করোনা ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ পৃথিবীব্যাপি প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীকে মানবতার জননী আখ্যায়িত করে তিনি বলেন, করোনা ভাইরাসের সক্রমণ ঠেকাতে লকডাউনে শ্রমিক ও দিনমজুর শ্রেণির মানুষ বেশি বেকায়দায় আছেন বলেই প্রধানমন্ত্রী তাদের ঘরে ঘরে আমাদের মাধ্যমে খাবার পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছেন। আমরা প্রথম দফায় এই জেলার সুনামগঞ্জ পৌর এলাকা থেকে উপহার বিতরণ শুরু করেছি। এই উপহার আরও অনেক কর্মহীন অসহায়রা পাবেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে সংকটকাল উত্তোরণের আহ্বান জানান।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, দেশের মানুষকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশ মানতে হবে। আওয়ামী লীগ এবং সরকার বিপদগ্রস্ত মানুষের পাশে আছে, থাকবে।
পৌর মেয়র নাদের বখ্ত সকলকে ধৈর্য্য সহকারে নিজেকে এবং প্রতিবেশিকে রক্ষা করে সংকটকাল পাড় করতে উদ্যোগি হবার আহ্বান জানান।