স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী নারায়ণতলা মিশন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্নস্থানে কর্মরত আছেন এমন সাতজন চিকিৎসকে রোববার ওই বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন।
নারায়নতলা মিশন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংবর্ধিত চিকিৎসকেরা হলেন এম. নূরুল ইসলাম, ফারজানা আক্তার শারমিন, এম. নুরুজ্জামান সিফাত, নাদিম হোসেন, হালিমা খাতুন, আবদুল মান্নান প্রধান ও সাইফুল ইসলাম। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার পর একে একে শুভেচ্ছা বক্তব্য দেন চিকিৎসকেরা। এ সময় তাঁরা স্কুল জীবনের স্মৃতিচারণার পাশাপাশি শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আলোচনার পাশাপাশি শিক্ষার্থীরা গান, নৃত্য ও কৌতুক পরিবেশন করেন। একই অনুষ্ঠানে বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষককে সংবর্ধনা এবং নতুন প্রধান শিক্ষকে বরণ করে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি ফাদার যোসেফ গমেজ, ঢাকা থেকে আসা অতিথি ফাদার অজিত কস্তা, ব্রাদার সুবল রোজারিও, বিদায়ী প্রধান শিক্ষক ফাদার দীলিপ সরকার, নতুন প্রধান শিক্ষক ব্রাদার রিংকু লরেন্স কস্তা, সহকারী প্রধান শিক্ষক সিস্টার রীটা গমেজ, শিক্ষক বোরহান উদ্দিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য শফিকুর রহমান প্রমুখ।