স্টাফ রিপোর্টার
সঠিক ও ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে পদক্ষেপ নেওয়া শুরু করেছে বর্তমান সরকার। জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ে আগামী জানুয়ারি মাস থেকে যাচাই-বাছাই কাজ শুরু হবে বলে জানা গেছে।
সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক সারা দেশের জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরুর তারিখ নির্ধারণ করে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। এছাড়া যাচাই-বাছাই কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মুক্তিযোদ্ধা কমান্ডে চিঠি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জানুয়ারির ৭ তারিখ থেকে সুনামগঞ্জ জেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। ৭ জানুয়ারি সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, জগন্নাথপুর ও ধর্মপাশায় উপজেলায়, ১৪ জানুয়ারি বিশ্বম্ভরপুর ও দিরাই ,২১ জানুয়ারি দোয়ারাবাজার ও শাল্লা, ২৮ জানুয়ারি দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতকে, ৪ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল মোমেন বলেন,‘সুনামগঞ্জসহ সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা কোন চিঠিপত্র পাইনি তবে বিষয়টি পত্রিকায় প্রকাশিত হয়েছে। যাচাই-বাছাই কমিটি গঠনের বিষয়ে আজ মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে সভা হবে। সভায় সিদ্ধান্ত হবে ৭ সদস্য বিশিষ্ট কমিটিতে কে সভাপতি হবেন, কারা কারা সদস্য থাকবেন।’