- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

৮-১০ কোটি টাকার কাজ পেলেও- কোন কোন ঠিকাদার হাওরেই যায়নি

বিশেষ প্রতিনিধি
‘যে কাজ করার কথা ছিল, এই কাজ অইছে না, পানি আইয়া দেখা করবার আগেই গুরমার ভিতরে পানি ঢুকি গেছে। হুনছি ৫ ফুট উচ্চতায় ৪ কিলোমিটার কাম করার কথা আছিল। ২ ফুট উচা (উচ্চতা) কইরা দেড়-দুই কিলোমিটার অইবো করছে। পাসুয়ার জাঙালও বানছে না (বাঁধ দিছে না)। হেরা যদি ৩ ফুট কইরাও কাম করতো, আমরা বিপদের সময় হকলে মিইল্লা আরো ২ ফুট উচা (উচু) করি লাইলামনে, এরপরে পানি আরো উচাত ওঠলেও আমরা বান (বাঁধ) আটকাই লাইলামনে। হাওরও রক্ষা অইগেলোনে।’ এটি ধর্মপাশা উপজেলার বৃহৎ গুরমার হাওর (গুরমা এক্সটেনশনের) পাড়ের সাজদাপুরের আমিরুল ইসলামের কথা।
কেবল আমিরুল ইসলাম নয়। হাওরপাড়ের লাখ লাখ কৃষকের একই কথা। চৈত্র মাসের এই পানি ৪-৫ দিনের বেশি থাকতো না। বাঁধ হলে এবং জাঙাল বা ক্লোজারে ঠিকভাবে কাজ হলে অধিকাংশ হাওরই রক্ষা হতো এবং প্রায় ২ হাজার কোটি টাকার ধান পানিতে ডুবতো না। কৃষকরা তাঁদের কপাল ভাঙার জন্য পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসিদেরই দায়ী করছেন। কৃষকরা বলছেন,‘মনে অইছে পানির অপেক্ষা করাত আছিল ঠিকাদার ও পিআইসির তারা’। কৃষকরা জানিয়েছেন, কোনভাবে বাঁধ রক্ষা হলেই, গত ৪ দিনের রোদে যেভাবে পানি কমেছে, অনেক হাওরের ফসলই রক্ষা পেতো।
তাহিরপুরের মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক বড়দল গ্রামের বাসিন্দা সাঞ্জব উস্তার বলেন,‘ মাটিয়ান হাওরের ফসল রক্ষায় পিআইসিরা কিছু কাজ করলেও ঠিকাদাররা নিয়ম মোতাবেক কোন কাজ করেনি। গুডম্যান এন্টারপ্রাইজ কামালপুর গ্রাম থেকে ছিলান তাহিরপুর গ্রাম পর্যন্ত ২ হাজার ফুট বাঁধ নির্মাণের স্থলে কিছু জায়গায় নামমাত্র কাজ করেছে। এছাড়া বড়দল গ্রামের পশ্চিম অংশ থেকে ঝালখালী পর্যন্ত এবং হাওরের পাপনালিয়া অংশের বাঁধের কাজই হয়নি। পানি আসার সময় সামান্য কিছু কাজ হয়েছে। এই দুটি বাঁধের ঠিকাদার কারা পাউবোর এসও’র কাছ থেকে আমরা জানার চেষ্টা করেও নাম পাইনি।’
ধর্মপাশার চন্দ্রসোনার থাল হাওর পাড়ের জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের কৃষক মো. আনোয়ার হোসেন বলেন,‘কন্টেকটার (ঠিকাদার) সময়মত বান্দে (বাঁধে) মাটি দিছে না। এর লাগি আমরার হাওরের উলাশখালী বান ভাইঙা সব ধান তলাইয়া গেছে।’
দেখার হাওর পারের বাসিন্দা সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউপির জায়ফরপুর গ্রামের বাসিন্দা কৃষক আব্দুর রহিম বলেন,‘বান্দে যখন মাটি দেয়ার কথা, তখন ঠিকাদার মাটি দিছে না। নদীর পানি বাড়ার পরে সামান্য মাটি দিছে। সময় মত বান্দ মাটি দিলে এত সহজে বান ভাইঙা যাইত না। তারা যদি অর্ধেক কাম করতো, আমরা বিপদের সময় বাকি কাম করি লিলামনে।’
মধ্যনগর থানার চামরদানী ইউপির সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রভাকর তালুকদার পান্না বলেন,‘কৃষকদের বোরো ফসল নিয়ে পাউবো, পিআইসি ও ঠিকাদার তামাসা করেছেন। সঠিক সময়ে বাঁধ নির্মাণ করা হয়নি। সবচেয়ে বেশী অনিয়ম হয়েছে ঠিকাদারদের কাজে। দুর্বল বাঁধ পানির প্রথম ধাক্কায়ই হয় ভাঙছে, না হয় উপচে পানি ঢুকেছে।’ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওর পারের জয়কলস ইউপির আসামপুর গ্রামের কৃষক এনাম আহমদ বলেন,‘ ঠিকাদারের কারণে আমরার সব ধান পানিতে গেছে। ঠিকাদার সঠিক সময়ে বাঁধ নির্মাণ করতে আসেনি। যখন মেশিন নিয়ে এসেছিল, তখন বৃষ্টিপাত শুরু হয়েছে এবং নদীতে পানি চলে এসেছে। বাঁধ না দেয়ার কারণেই আমাদের হাওর ডুবেছে। ’
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউপি’র মুক্তিখলা গ্রামের কৃষক আব্দুল গনি আনছারী বলেন,‘ ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতির কারণে সঠিক সময়ে ও সঠিকভাবে খরচার হওারের হরিমনের বাঁধ নির্মাণ হয়নি। ঠিকাদার পার্থ সারথীকে চাপ প্রয়োগ করে একটি বাঁধ নির্মাণ করানো হয়েছিল। কিন্তু খেতের আলের মত দেয়া বাঁধ সহজেই ভেঙে হাওরে পানি ঢুকেছে।  এলাকার কৃষকরা পাউবোর এসওকে আটক করেছিল। পরে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও তাকে মুক্ত করেছেন। ’
খরচার হাওরের ফতেপুর ইউপির রাধানগর গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন,‘ প্রথমে পিআইসি’র জিরাপ তাহিরপুর ও বেকা বাঁধ ভেঙেছে। এর পরই ঠিকাদারের হরিমনের ভাঙার বাঁধ ভেঙে সকল ধান তলিয়ে গেছে। পিআইসি কিছু কাজ করলেও ঠিকারদার যা মনে হয় তাই করেছে। পরে চাপে কিছু করেছিল। ’
জামালগঞ্জ হালীর হাওর পাড়ের বেহেলী ইউনিয়নের মদনাকান্দি সহদেবপুর গ্রামের কৃষক দেবাশীষ তালুকদার বলেন, ‘এই হাওরের আছানপুর গ্রামের কাছে ঠিকাদারের বাঁধে কাজই হয়নি। একটি এক্সেভেটর দিয়ে একদিন সামান্য সময় কাজ করেছিল। ’
শাল্লা উপজেলার ছায়ারহাওর পারের সুলতানপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন,‘ছায়ার হাওরের গুরুত্বপূর্ণ বাঁধে সঠিকভাবে কাজ হয়নি। ঠিকাদার কিছু কাজ করেছে, যা লোক দেখানো ও দায়সারা গোছের। শুধু বিল তোলার জন্য কিছু কাজ করেছে তারা।’
একই উপজেলার বরামহাওর পাড়ের হবিবপুর গ্রামের কৃষক মনোরঞ্জন দাস বলেন,‘ ঠিকারদার বাঁধে ভাল করে মাটি দেয়নি। যে জায়গা উঁচু সেখানে মাটি দিয়ে দেখিয়ে কাজ করেছে, অন্যদিকে যে জায়গা নিচু সেখানে শুধু মাটি দিয়ে বন ঢেকে দিয়ে লেভেল করে গেছে। বেশী নিচু জায়গায় কোন মাটিই দেয়া হয়নি।’
দিরাই উপজেলার টাংনির হাওর পাড়ের তাড়ল গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘ঠিকারদাররা হাওরের বাঁধের কাজ নিয়ম মোতাবেক করেনি। যদি সঠিকভাবে বাঁধে কাজ করা হত, তাহলে অকালে আমাদের সব ধান তলিয়ে যেত না। অন্তত আরো কিছু দিন হাওর থাকতো। ’Untitled-2
একই উপজেলার কালিকুটা হাওরপাড়ের রফিনগর গ্রামের কৃষক আকমল হোসেন বলেন,‘ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতি ও গাফিলতির কারণেই আমাদের আজকে এই দশা। তারা যদি সঠিক সময়ে ও সঠিকভাবে বাঁধগুলোর কাজ করতেন তাহলে এভাবে এত সহজেই বাঁধ ভেঙে যাওয়ার কথা ছিল না।’
দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওর পাড়ের লক্ষীবাউর বাজারের সুহেল মিয়া বলেন,‘নাইন্দার হাওরের লক্ষীবাউর বাজারের পাশের বাঁধের কাজ হয়নি বললেই চলে। চার ভাগের এক ভাগ কাজ হলেও এই হাওর রক্ষা হতো। স্থানীয় লোকজন অভিযোগ করলেও পাউবো কর্তৃপক্ষ আমলে নেয়নি।’
দোয়ারাবাজার উপজেলার আফছরনগরের বাসিন্দা অলিউর রহমান বলেন,‘জেলার সর্ববৃহৎ দেখার হাওরে টেংরাখালি, আমিরখাঁ, ইলাইখালি ও ট্রলাখালি বাঁধে এবার কোন কাজই হয়নি। এই কারণেই পানির প্রথম ধাক্কায়ই ট্রলাখালি দিয়ে পরে অন্য ৩ দিকে পানি ঢুকা শুরু হয়।’
জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন,‘দেখার হাওরের ভোরাখালি হামহামির স্লুইসগেট থেকে বেতাউকা পর্যন্ত ৯ কিলোমিটার আফর বাঁধের ১ কিলোমিটারের কাজও হয়নি। প্রথমে পানি ঢুকেছে পিআইসি’র সুজাত মেম্বারের ক্লোজার দিয়ে, মানুষ এটি আটকানোর চেষ্টা করলেও পরে যখন পুরো আফর দিয়ে পানি ঢুকা শুরু হয়েছে, মানুষ আশা ছেড়ে হাওর ছেড়ে চলে আসে।’
জগন্নাথপুরের নিলেন্দু গোঁপ বলেন, ‘বাঁধের গোড়া থেকে এক্সেভেটার দিয়ে মাটি তোলায় মইয়ার হাওরের ইচগাঁও থেকে জয়শ্রী বাঁধ ভেঙে গেছে।’ একই অবস্থা ছিল ছাতকের চাউলির হাওর রক্ষা বাঁধেও বলে জানিয়েছেন হাওর পাড়ের একাধিক কৃষক।
জেলার ৪৮ টি হাওরে এবার ঠিকাদার ছিলেন ২২ জন। ৭৬ টি গ্রুপের কাজ এরা নানা কায়দায় বাগিয়ে নেন। একেকজন ঠিকাদারের বিভিন্ন নামে ১০ কোটি টাকার বাঁধের কাজ নিয়েছে। কেউ কেউ নিজের নামে কম কাজ নিয়ে অন্য নামে কাজ নিয়েছে। এবার যেসব ঠিকাদার কাজ পেয়েছিলেন- এরা হলেন কাজী নাসিম উদ্দিন ১ কোটি ১৩ লক্ষ ৭৩ হাজার টাকা, মেসার্স নিম্মি এন্ড মুমু কন্সাট্রাকশন ৯৪ লক্ষ ৩৭ হাজার, মেসার্স শোয়েব এন্টারপ্রাইজ ১ কোটি ৪১ লক্ষ ৯৬ হাজার, মেসার্স মালতী এন্টারপ্রাইজ ৯৭ লক্ষ ৫৬ হাজার, মেসার্স ইব্রাহিম ট্রেডার্স ২১ লক্ষ ৫ হাজার, মো.আতিকুর রহমান ৮১ লক্ষ ৮৬ হাজার, মেসার্স বোনাস ইন্টারন্যাশনাল ১ কোটি ৭ লক্ষ ১৭ হাজার, মেসার্স প্রীতি এন্টারপ্রাইজ ৭৭ লক্ষ ২ হাজার, শেখ আশরাফ উদ্দিন ৫৭ লক্ষ ৪৭ হাজার, মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ ২ কোটি ৬২ লক্ষ ৬৭ হাজার, সজিব রঞ্জন দাশ ৬ কোটি ৬৭ লক্ষ ৮৬ হাজার টাকা, মেসার্স হান্নান এন্টারপ্রাইজ ১ কোটি ৭ লক্ষ ৯৭ হাজার, আকবর আলী ৪২ লক্ষ ৫৩ হাজার, নূর ট্রেডিং ৩ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার, ইউনূছ এ- ব্রাদার্স ১ কোটি ৬৮ লক্ষ ৩৭ হাজার, মাহিন কন্সট্রাকশন ৮৭ লক্ষ ২৪ হাজার,  মেসার্স খন্দকার শাহিন আহমদ ৮ কোটি ৮৮ লক্ষ ২৮ হাজার, কামাল হোসেন ৬৬ লক্ষ ৭৩ হাজার, টেকবে ইন্টারন্যাশনাল ৪০ লক্ষ ৫৫ হাজার, বসু নির্মাণ সংস্থা ৭৭ লক্ষ ৯৭ হাজার, নিয়াজ ট্রেডার্স ১ কোটি ৯ লক্ষ ৩৫ হাজার, রেনু মিয়া ৫৭ লক্ষ ৪ হাজার, ম্যাম কন্সট্রাকশন ২ কোটি ৫২ লক্ষ ৪৫ হাজার, সৈকত কন্সট্রাকশন ৬৫ লক্ষ ৩ হাজার, এলএন কন্সট্রাকশন ২৪ লক্ষ ৪৪ হাজার, মেসার্স ইব্রাহিম ট্রেডার্স এন্ড মো. শামীম আহসান ৩ কোটি ১ লক্ষ ২৪ হাজার, নূনা ট্রেডার্স ৪ কোটি ৩৭ লক্ষ ৭২ হাজার টাকা।
অনুসন্ধানে ঠিকাদারদের কাজের এই করুণ অবস্থার কথা হাওর পাড়ের মানুষজন জানালেও পাউবো’র সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই এবং সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসর উদ্দিন‘ গত ৯ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ঠিকাদারদের কাজ কী পরিমাণ হয়েছে জানানোর সময় বলেছেন, প্রথম আহ্বান করা ২৮ টি বাঁধের কাজে ৭০ শতাংশ এবং পরে আহ্বান করা ৪৮ টি বাঁধের কাজ ৫০ শতাংশ হয়েছে। বুধবার একাধিকবার ফোন দিলেও পাউবো’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফোন ধরেননি। এজন্য নতুন করে বক্তব্য নেওয়া যায়নি।
হাওর বাঁচাও-সুনামগঞ্জ আন্দোলনের পক্ষ থেকে ইতিমধ্যে দাবি উঠেছে তদন্ত সাপেক্ষ দুর্নীতিবাজ পাউবো কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন,‘আমরা শুনেছি কাজ না করেই অনেকে বিল উত্তোলন করেছেন। তদন্ত সাপেক্ষে সরকারের এই টাকা ফেরৎ নেওয়া, আইনানুগ ব্যবস্থা এবং নতুন কোন বিল না দেবার দাবি করা হয়েছে।’

(প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)’র অনিয়ম দুর্নীতি নিয়েও সংবাদ প্রকাশে তথ্য দিয়ে সহযোগিতার জন্য দৈনিক সুনামগঞ্জের খবরের টেলিফোন ০৮৭১-৬২৫৯২)

  • [১]