ইকবাল কাগজী
স্থানীয় একটি পত্রিকায় এক সংবাদপ্রতিবেদনে বলা হয়েছে, ‘সভাপতির বক্তৃতায় এডভোকেট আলী আমজাদ টেকেরঘাট সাবসেক্টরের অধীনস্থ ১০টি সম্মুখ যুদ্ধের বিবরণ দিয়ে বলেন এর মধ্যে মাত্র ৩টি যুদ্ধে শহীদ জগৎজ্যোতি আমার সাথে ছিল। সে আমাকে পা ধরে সালাম করতো। আমি ছিলাম তার কোম্পানী কমান্ডার। কিন্তু সুনামগঞ্জে এ পর্যন্ত যত ইতিহাস লেখা হয়েছে সেখানে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। বিকৃত মস্তিষ্কের কোন কোন বুদ্ধিজীবি লেখকেরা প্রকৃত ঘটনাকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিকৃত ইতিহাস প্রণয়ন করেছেন। কেউ কেউ অতি উৎসাহী হয়ে দাস পার্টি বা দাস বাহিনী নামে আলাদা বাহিনীর কল্পকাহিনী তৈরী করেছেন। প্রকৃতপক্ষে দাসপার্টি বা দাস বাহিনী নামে সুনামগঞ্জ জেলায় কোথাও কোন বাহিনী ছিল না।’ (দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন/ মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭/ শিরোনাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ আজো স্বাধীন হতোনা’/ পৃষ্ঠা : ১) উদ্ধৃত বাক্যকতিপয় পত্রিকাটির তৃতীয় পৃষ্ঠার দ্বিতীয় স্তম্ভে মুদ্রিত হয়েছে।
জনাব আমজাদের একটি নিজস্ব পরিচিয় আছে, যাকে বলে, পরিচিতি (IDENTITY) । এই শহরে তিনি একজন স্বনামধন্য আইনজীবী। লোকে তাঁকে ‘বড় ভাই’ বলে জানে ও চেনে। কিন্তু তাঁর এই ব্যক্তিগত পরিচিতিকে ছাপিয়ে তাঁর মুক্তিযোদ্ধা পরিচিতিটি সমোজ্জ্বল।
মুক্তিযোদ্ধারা একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সেই স্বাধীনতার স্বাদ আস্বাদন করেই আমরা বেঁচে আছি, এ দেশে। আলী আমজাদ একজন মুক্তিযোদ্ধা। আমরা তাঁর জন্য গর্ববোধ করি। বাংলাদেশ যে কোনও মুক্তিযোদ্ধার জন্য চিরদিন গর্ববোধ করবে। একজন মুক্তিযোদ্ধার সম্মানহানি হোক কিংবা তাঁর অবমূল্যায়ন হোক বাংলাদেশে এমনটা কখনও বরদাস্ত করা সমীচীন নয়, কারও পক্ষে। কিন্তু আলী আমজাদ ছাড়াও আরও কেউ কেউ মুক্তিযোদ্ধা আছেন, সে কথা আমরা কি ভুলে যেতে পারি? ভুলে যেতে পারি না যে, জগৎজ্যোতি দাসও একজন মুক্তিযোদ্ধা। তাঁকে যে কেউ যাচ্ছেতাই বলে পার পেয়ে যেতে পারে না, সত্যোৎঘাটনের ঐতিহাসিক প্রয়োজনে তাঁর পক্ষে দাঁড়ানোও স্বাধীন মানুষ হিসাবে একটি নৈতিক কর্তব্য।
মূল বক্তব্য শুরুর আগে শ্রদ্ধেয় আলী আমজাদ মহোদয়ের শ্রীচরণ শরণ করে ক্ষমাপ্রার্থী হচ্ছি। কারণ কার্যব্যপদেশে হয়তো কোনও অসতর্ক বা সতর্ক কোনও মুহূর্তে এমন কোনও অপ্রিয় সত্যের প্রকাশ ঘটবে, যা বয়োকনিষ্টজন হিসেবে আমার দ্বারা উচ্চারণ করা বিধিবহির্ভূত। কিন্তু সামাজিক সেই প্রথানুগত্যতাকে স্বীকার করে নিয়েই কেবল ঐতিহাসিক সত্যপ্রচারের আনুগত্যকে প্রাধান্য দিয়ে যতটুকু না বললেই নয়, ততোটুকু বলাকে সঙ্গত কারণেই সমীচীন মনে করছি। সে জন্য আমি আমার এই বয়োজ্যেষ্ঠ ও পরম শ্রদ্ধেয়জনের কাছে, আবারও বলছি, অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং অতিশয় প্রীতবোধ করছি এজন্যে যে, এখনও পর্যন্ত কেউ তাঁকে (আলী আমজাদ) কাঠগড়ায় দাঁড় করানোর কোনও উদ্যোগ গ্রহণ করেননি। সত্যিকার অর্থেই সুনামগঞ্জের মানুষ অতিশয় সজ্জন ও সহিষ্ণু।
অভিযোগের আঙ্গুল তোলেছেন শ্রদ্ধেয় আলী আমজাদ মহোদয় বলেছেন, ‘কিন্তু এ পর্যন্ত যত ইতিহাস লেখা হয়েছে সেখানে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে।’ এইখানে প্রশ্ন হলো, ‘এ পর্যন্ত যত ইতিহাস লেখা হয়েছে’ এই বাক্যাংশের অর্থপরিসরের দৈর্ঘ ও প্রস্থ কী বা কত? মনে রাখা দরকার, সকল ইতিহাসের উপজীব্য কেবল মুক্তিযুদ্ধ হবে এমন ধারণাপ্রপঞ্চের কোনও বাস্তবতা সমাজে নেই। সকল ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস নয়। সকল ইতিহাসে আলী আমজাদ বলে কেউ অপরিহার্য উপজীব্য হয়ে উঠবেন, এমন ধারণা করা তাই বাস্তবে অলীক কল্পনা মাত্র। আরও সুনির্দিষ্ট করে বললে বলতে হয় ‘এ পর্যন্ত যত ইতিহাস লেখা হয়েছে’ সেসব ইতিহাসের সকল উপজীব্য মুক্তিযুদ্ধ নয়, সেখানে আলী আমজাদ কিংবা জগৎজ্যোতি কাউকেই খোঁজে পাওয়া যাবে না। কেউই তাঁর মতো স্বনামধন্য একজন আইনজীবী ও সুপরিচিত মুক্তিযোদ্ধার কাছে এমন অযৌক্তিক ও অন্তঃসারশূন্য উচ্চারণ প্রত্যাশা করে না।
আলী আমজাদ সাহেবের আর একটি গুরুতর অভিযোগ আছে। অভিযোগটি হলো, তিনি বলেছেন, ‘কিন্তু সুনামগঞ্জে এ পর্যন্ত যত ইতিহাস লেখা হয়েছে সেখানে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে।’ এই অভিযোগটি একটু পরে খ-ন করার চেষ্টা করা হবে। কিন্তু তার আগে সবচেয়ে গুরুতর যে অভিযোগটি তিনি করেছেন আমাদের সকল ইতিহাসবিদদের বিরুদ্ধে, সেটির একটু বিশ্লেষণ না করলেই নয়।
অভিযোগটি কী? তাঁর ভাষ্যমতে ‘বিকৃত মস্তিষ্কের কোন কোন বুদ্ধিজীবি ও লেখকরা প্রকৃত ঘটনাকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিকৃত ইতিহাস প্রণয়ন করেছেন।’ সত্যিই তো, কোনও বিকৃত মস্তিষ্কের মানুষ ইতিহাস রচনা করে ইতিহাসকে বিকৃত করে তোলেন, সমাজের সুস্থ চিন্তার লোকজন তা চাইতে পারেন না।
প্রসঙ্গটিকে একটু খোলাসা করার জন্যে সুনামগঞ্জের মুক্তিযুদ্ধোত্তর ইতিহাসবিদদের একটি খসড়া তালিকা করা বিশেষ প্রয়োজন। যাঁদেরেকে মান্যবর আলী আমজাদ মহোদয় অবিমৃষ্যকর নির্মমতায় আক্রমণ করেছেন। আমি বিস্মিত যে তাঁরা দু’একজন ভিন্ন প্রায় সকলেই বহাল তবিয়তে জীবিত আছেন, কিন্তু কেন জানি না নির্বাক থাকতে পছন্দ করছেন। তাঁদের এই ‘স্পিকটি নট’ থাকার বিপরীতে শ্রদ্ধেয় আলী আমজাদ সাহেবের মন্তব্যে বিধৃত বা বুদ্ধিজীবী ও লেখকদের উপর আরোপিত ‘বিকৃত মস্তিষ্কের আপবাদটি’ কি তাঁদের (বুদ্ধিজীবী ও লেখক) দ্বারা স্বীকার করে নেওয়ার মতো বা সমার্থক হয়ে পড়ছে না? আসলে বিষয়টা অনেকটা এমন দাঁড়িয়ে যাচ্ছে যে, তাঁদের উপর প্রযুক্ত অপবাদটি ‘বুদ্ধিজীবী লেখক’রা কোনরূপ প্রতিকার ব্যতীরেকে মেনে নিচ্ছেন। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাঁরা কীছু একটা লিখেছেন তাঁদের একটি তালিকা দরকারটা এই জন্য যে, মান্যবর আলী আমজাদ সাহেবকে সে তালিকা থেকে ‘বিকৃত মস্তিষ্কের বুদ্ধিজীবি ও লেখক’-দের নাম বেছে নিতে সহায়তা করা। সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসবিদদের মধ্যে সর্বাগ্রে নাম করতে হয় আবু আলী সাজ্জাদ হোসাইনের, যদিও তাঁর ইতিহাসচর্চার পরিসর কেবল মুক্তিযুদ্ধে সীমাবদ্ধ নয়। আর যাঁরা মুক্তিযুদ্ধকে প্রধান উপজীব্য করে ইতিহাস রচনায় ব্রতী হয়েছেন, তাঁরা হলেন : আলী ইউনুস, মেজর আব্দুল মোতালিব, বজলুর মজিদ চৌধুরী খসরু, রেহান উদ্দিন রাজু, মতিউর রহমান, নিজাম উদ্দিন লস্কর, রণেন্দ্রকুমার তালুকদার রিংকু, অপূর্ব শর্মা, সুখেন্দু সেন, আবু সুফিয়ান, সালেহ চৌধুরী, হাসান মোর্শেদ, করম আলী প্রমুখ। আপাতত এই ক’জনের নামোল্লেখ করা গেল, হয় তো কারও নাম অনবধানতা বশত বাদ পড়ে গেছে, সে জন্য দুঃখিত।
সুনামগঞ্জের ইতিহাসবিদদের নিয়ে মান্যবর আলী আমজাদ সাহেবের উত্থাপিত বিস্ময়কর অভিযোগটি শ্রবণ ও পাঠ পূর্বক কেউ যদি তাঁকে প্রশ্ন করে, ‘বিকৃত মস্তিষ্কের কোন কোন বুদ্ধিজীবি ও লেখকরা’ বলতে তিনি উপরোক্ত ইতিহাসবিদদের কার কার নাম নির্দেশ করবেন? তাঁর উত্তর কী হবে? উপরোক্ত ইতিহাসবিদদের মধ্যে সত্যিকার অর্থেই কেউ কি শ্রদ্ধেয় আলী আমজাদ মহোদয়ের ভাষ্যমতে ‘বিকৃত মস্তিষ্ক’-য়ের অধিকারী আছেন? এখনও পর্যন্ত আমরা জানি না। তা হলে তাঁর ভাষ্যটি কি একটি সচেতনভাবে স্বপ্রণোদিত মিথ্যাচার? যদি তা না হয় তবে, তাঁকে তাঁর বক্তব্য যে ‘মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিকৃত’ নয় সেটা প্রমাণ করার জন্যে লিখিতভাবে ‘বিকৃত মস্তিষ্কের’ অধিকারী ‘বুদ্ধিজীবি ও লেখক’-দেরকে উদ্ধৃত তালিকা থেকে চিহ্নিত করতে আহ্বান করছি। আমরা জানি, তিনি সাহসী মুক্তিযোদ্ধা। তাঁকে মনে রাখতে হবে, উপরোক্ত লেখকদের মধ্যে কোন একজনকে ‘বিকৃত মস্তিষ্ক’-য়ের মানুষ বলার কারণে মান্যবর আলী আমজাদকে যে কেউ এই কথা স্মরণ করিয়ে দেওয়ার অধিকার রাখে যে, ‘ছেবার দিকে ঠেং তোললে ছেবাও ঠেং তোলে।’ একটু আগ বাড়িয়ে কেউ হয় তো বলে ফেলতে পারে ‘উর্ধ্বাভিমুখে নিষ্ঠীবন নিক্ষেপ করিলে স্বমুখেই তাহা নিপতিত হয়।’
তিনি বলেছেন, তাঁকে অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এও জানি যে, কাউকে বিকৃত মস্তিষ্কের আখ্যাত করে তাঁর (শ্রদ্ধেয় আলী আমজাদের) উপর আরোপিত, সত্যিকার অর্থে যদি আরোপ করা হয়ে থাকে, সে অবমূল্যায়নের অপনোদন কীছুতেই সম্ভব নয়, বরং এ পদ্ধতিতে ইতিহাসবেত্তাদের চরিত্রহনন করে ইতিহাসের বিকৃতিকেই প্রকারান্তরে সার্থক করে তোলা হবে, চরিত্রহনন করা হবে ইতিহাসেরই। এইরূপ অন্তঃসারশূন্য বাগাড়ম্বরতা কিংবা বাতুলতা প্রকাশ করে ইতিহাসকে পুষ্ট করা যায় না, অর্থাৎ প্রকৃতপ্রস্তাবে ইতিহাসকে পূর্ণাঙ্গ ইতিহাস করে তোলা যায় না।
এখন বিশ্লেষণ করা যাক শ্রদ্ধেয় আলী আমজাদ, তাঁর নিজের ভাষ্যমতে, তিনি স্বয়ং কতটুকু অ-মিথ্যা, অ-বানোয়াট, অ-ভিত্তিহীন ও অ-বিকৃত ভাষ্য প্রদানের অধিকারী বা প্রদানে সক্ষম হয়েছেন। তিনি বলেছেন, ‘মাত্র ৩টি যুদ্ধে শহীদ জগৎজ্যোতি আমার সাথে ছিল। … আমি ছিলাম তার কোম্পানী কমান্ডার।’ এই বক্তব্যের বিশ্লেষণ কী? একটা বিষয় এখানে স্পষ্ট যে, এই সুচতুর বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধেয় আলী আমজাদ সাহেব কোম্পানী কমান্ডার হিসেবে ইতিহাসে নিজের প্রতিষ্ঠা চান না। কারণ তাঁর নিজের ভাষ্যমতে, সুনামগঞ্জের মুক্তিযুদ্ধে কোম্পানী কমা-ার হিসেবে স্বীকৃত ৫জন বীরের তিনি নিজেও একজন। সেটা সত্যি বলে স্বীকার করে নিয়ে বলি, সত্যিকার অর্থেই তিনি একজন কোম্পানী কমান্ডার। কোনও মিথ্যচারই তাঁকে তাঁর এই কোম্পানী কমান্ডারের ঐতিহাসিক মর্যাদা থেকে বিচ্যুত করতে পারবে না। কিন্তু আমাদের কথা হলো তিনি কেন জগৎজ্যোতিকে তাঁর নিজের কোম্পানীর অন্তর্ভূক্ত বা অধীনস্থ করতে আগ্রহী হয়ে উঠেছেন এবং বলছেন ‘সে আমার পা ধরে সালাম করতো’? এর একটাই কারণ হতে পারে, শ্রদ্ধেয় আলী আমজাদ চান নাম মুক্তিযুদ্ধের ইতিহাসে জগৎজ্যোতির মর্যাদা তারঁ নিজের থেকে উচ্চস্থানে প্রতিষ্ঠিত হোক। যে যোদ্ধাদলের তিনি ‘টুআইসি’ ছিলেন সেই দলনেতাকেই তিনি কোম্পানি কমান্ডার হিসেবে স্বীকৃতি দিতে চান না, বরং তাঁকে নিজের অধীন কোম্পনির একজন সাধারণ যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠা দিতে চান। জগৎজ্যোতি তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এটা সত্য, কিন্তু আমাদের বক্তব্য হলো, তাঁর (আলী আমজাদ) কোম্পানীর অধীনে জগৎজ্যোতি কখনও যুদ্ধ করেননি। আলী আমজাদ জগৎজ্যোতির কোম্পানি কমান্ডার ছিলেন, এই দাবী সম্পূর্ণ ভিত্তিহীন, অনৈতিহাসিক ও একটি নিরেট মিথ্যাচার। আলী আমজাদের দাবীর পক্ষে কোনও তথ্যসূত্র এখনও পর্যন্ত অনাবিষ্কৃত। আলী আমজাদের বক্তব্যের বিপক্ষে, অথার্ৎ তাঁর মিথ্যা দাবীকে খ-ন করার স্বার্থে কয়েকটি দালিলিক ঐতিহাসিক তথ্যপ্রমাণ হাজির করা জরুরি হয়ে পড়েছে। নি¤েœ তথ্যপ্রমাণগুলি পেশ করছি।
১.‘দাস পার্টির খোঁজে’ নামে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসের অনুসন্ধানজাত একটি বই লিখেছেন অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের মানুষ হাসান মোর্শেদ। তিনি তাঁর বইয়ের প্রচ্ছদ করেছেন একাত্তরের যুদ্ধকালে টেকেরঘাট সাবসেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় সমরকর্তৃপক্ষের প্রখ্যাত প্রতিনিধি মেজর বাট-এর স্বাক্ষরিত একটি মুক্তিযোদ্ধা গেরিলা দলের তালিকা সন্নিবেশিত করে। এই দলটিকে মেজর বাটের তত্তাবধানে বাংলাদেশের ভাটি অঞ্চলে যুদ্ধ করার জন্য তৈরি করা হয়েছিল, বিশেষ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে। এই তালিকার শেষে ইংরেজিতে লেখা আছে, স্পেশাল ট্রেনিং আন্ডার মেজর বাট। উপরে লেখা আছে দাস পার্টি, পরে পার্টি কমান্ডারের নাম লেখা রয়েছে জগৎজ্যোতি দাস।
লক্ষণীয় দলটিকে সামরিক রেওয়াজমতো কোম্পানি বলা হয়নি।
২. সুনামগঞ্জের এক বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী। তিনি একটি বই লিখেছেন। বইটির নাম : ‘ভাটি এলাকার মুক্তিযুদ্ধ আমার অহংকার’ (প্রথম প্রকাশ : একুশের বইমেলা ২০১৭)। এই বইয়ের ১১৫ পৃষ্ঠায় লেখা আছে, ‘এ সময়ই ঘুঙিয়ারগাঁও হয়ে দিরাই পৌঁছল পরে দাস পার্টি নামে খ্যাত গেরিলা দলের নেতা জগজ্জ্যোতি দাস (পরে শহীদ ও বীরবিক্রম)-এর সঙ্গে ৩০ জনের একটা শক্তিশালী দল। … অভ্যাস মতো আমি তাদের সবার সঙ্গে দেখা করলাম। পরিচয় হলো দাসের টুআইসি আলী আমজদের সঙ্গে।’
লক্ষণীয় লেখক বলছেন, ‘পরে দাস পার্টি নামে খ্যাত’, অর্থাৎ দাস পার্টি হয়ে উঠার আগে জগৎজ্যোতির দলে আলী আমজাদের মর্যাদা ‘টুআইসি’-র। তখনও দলটি মেজর বাটের দেওয়া পার্টি খেতাবটি লাভ করেনি। অনুমান করি, এ ঘটনা নয় মাসের যুদ্ধের প্রায় শুরুর দিকের।
৩. ‘এ অবস্থায় কয়েক দিনের মধ্যেই মেজর মসলিম উদ্দিন (মেজর দীন) সাব-সেক্টরের দায়িত্বভার গ্রহণ করে পাঁচটি কোম্পানী গঠন করেন।’ (এড: আলী আমজাদ, সুনামগঞ্জসহ টেকেরঘাট সাব সেক্টরের মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোর কথা, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন, সোমবার ২৬ সেপ্টেম্বর ২০১৬, পৃষ্ঠা : ৪)।
অর্থাৎ এই সময়ের (আগস্টের প্রথম সপ্তাহ) আগে টেকেরঘাট সাবসেক্টরে সামরিক কায়দাকানুনমতে কোনও কোম্পানির অস্তিত্ব ছিল না, আসলে ছিল দল বা পার্টি।
মান্যবর আলী আমজাদ সাহেবের বক্তব্য ‘আমি ছিলাম তার কোম্পানী কমান্ডার।’ এই বাক্যে ‘তার’ সর্বনামটি প্রযোজ্য হয়েছে জগৎজ্যোতি দাসের নামের পরিবর্তে। উপরোক্ত তিনটি তথ্যপ্রমাণের ভিত্তিতে এখানে ‘আমি ছিলাম তার কোম্পানী কমান্ডার।’ বাক্যটি কোনও যুক্তিতেই সত্যকে স্পর্শ করে না, বরং এই বক্তব্যের বৈশিষ্ট্যই এমন যে, এটিকে একটি ঐতিহাসিক মিথ্যাচার বলাই বেশি সঙ্গত এবং এ কারণে এটি অনৈতিহাসিকও বটে ।
উপরোক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রস্তুত যুক্তিগুলি নি¤েœ সন্নিবেশিত হলো : (ক). ভাটি বাঙলার বাস্তব পরিস্থিতি বিবেচনায়, মেজর বাট নিজের তত্তাবধানে জলডাঙ্গার দেশ ভাটি বাংলার প্রতিবেশে দক্ষতার সঙ্গে যুদ্ধ করতে পারে এমন একটি গেরিলা দল তৈরি করেন। লক্ষ্য করার বিষয়, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এই দলটির তিনি নাম রেখেছিলেন জগৎজ্যোতির নামানুসারে ‘দাস পার্টি’, দাস কোম্পানি কিন্তু নয়। সামরিক পরিস্থিতির বাস্তবতায় একটি দলকে কোম্পানীর মর্যাদা দেওয়াটি নিয়মবিরুদ্ধ ছিল বলেই হয় তো মেজর বাট এক্ষেত্রে ‘পর্টি’ শব্দটিকে পছন্দ করেছিলেন। ‘দাস পার্টি’ মেজর বাটের কৃত কোনও ‘আলাদা বাহিনীর কল্পকাহিনী’ নয়। এই প্রমাণের ভিত্তিতে নির্দ্বিধায় বলা যায় যে, শ্রদ্ধেয় আলী আমজাদ যতই বলুন না কেন দাস পার্টির অস্তিত্বের ঐতিহাসিকতা কীছুতেই ক্ষুণœ হয় না, উল্টো শ্রদ্ধেয় আলী আমজাদের ঐতিহাসিক মিথ্যাচার পুরোদমে প্রমাণিত হয়। বুঝাই যায়, শুরু থেকেই বা পরবর্তীতে, তিনি সে পার্টিতে টুআইসি হিসেবে যোগ দিয়েছিলেন। অথচ তিনি মুক্তিযুদ্ধের সাড়ে চার দশক পেরিয়ে এসে সম্মুখ সমরে যুদ্ধ করতে করতে নিহত হওয়া এক বীর মুক্তিযোদ্ধার স্বরূপ এমনভাবে বিশ্লেষণ করছেন যে, যে-কারও মনেই হতে পারে, স্বপ্রণোদিত হয়ে তিনি সর্বসমক্ষে এক মুক্তিযোদ্ধাকে হেয় প্রতিপন্ন করার হীন অভিপ্রায়ে তৎপর আছেন। তা না হলে এমন হবে কেন, তিনি কোনও এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলছেন, ‘প্রকৃতপক্ষে দাসপার্টি বা দাস বাহিনী নামে সুনামগঞ্জ জেলায় কোথাও কোন বাহিনী ছিল না।’ এই মিথ্যা বা ‘বিকৃত’ ইতিহাস চর্চা করে তিনি তাঁর নিজের ঐতিহাসিক মর্যাদাকেই প্রকারান্তরে ক্ষুন্ন করতে প্রবৃত্ত হয়েছেন। কেউ নিজের পায়ে নিজে কুড়াল মারলে, কারই বা কী করার থাকতে পারে।
(খ). সালেহ চৌধুরীর বইতে শ্রদ্ধেয় আলী আমজাদ ‘দাসের টুআইসি’ বলে প্রমিত। জনাব চৌধুরী কি কবরে এক পা রেখে ‘প্রকৃত ঘটনাকে উপেক্ষা করে’ মিথ্যাচারে প্রবৃত্ত হয়েছেন? এও আমাদেরকে বিশ্বাস করতে হবে?
(গ). শ্রদ্ধেয় আলী আমজাদের ভাষ্যমতে, জগৎজ্যোতি ও আলী আমজাদ নিজে উভয়েই একই সঙ্গে কোম্পানী কমান্ডার হতে পেরেছেন আগস্টের প্রথম সপ্তাহের পর। এর কদিন আগে জেনারেল ওসমানী টেকেরঘাট সফর করে গেছেন ও টেকেরঘাট সাব সেক্টরের দায়িত্ব সুরঞ্জিত সেনগুপ্তের থেকে মেজর মসলিম উদ্দিনের (মেজর দীন) অনুকূলে ন্যস্ত হয়েছে। এই সময়ের আগে টেকেরঘাট সাব সেক্টরে সামরিক নিয়মানুসারে কোনও কোম্পানী বা কোম্পানী কমান্ডারের অস্তিত্বই ছিল না। এই সময়েই জগৎজ্যোতি দাস ও আলী আমজাদ উভয়েরই কোম্পানী কমান্ডার হিসেবে পদায়ন ঘটে। অর্থাৎ শ্রদ্ধেয় আলী আমজাদের ভাষ্যমতে তাঁরা উভয়েই সাবসেক্টর কমান্ডার মুসলিম উদ্দিনের (মেজর দীন) অধীনে একই সময়ে একই সঙ্গে কোম্পানী কমান্ডার হয়েছেন। এই কারণে, আলী আমজাদ জগৎজ্যোতির কোম্পানী কমান্ডার ছিলেন, এই দাবী মিথ্যা ও ভিত্তিহীন।
এরপর স্বাভাবিক ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত অনায়াসেই টানা যায় যে, মান্যবর আলী আমজাদ কখনও জগৎজ্যোতির কোম্পানি কমান্ডার ছিলেন না, আসলে শ্রদ্ধেয় আলী আমজাদই উল্টো জগৎজ্যোতির দলে জগৎজ্যোতির অধীনে যুদ্ধ করেছেন, কোম্পানি কমান্ডার হওয়ার আগ পর্যন্ত এবং ‘সে (জগৎজ্যোতি) পা ধরে সালাম করতো’ দাবীটিও ডাঁহা মিথ্যা। ভুলে গেলে চলবে না যে, যে প্রশিক্ষণকেন্দ্র অন্যান্য সকল ব্যাচের সঙ্গে আলী আমজাদ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন সেই প্রশিক্ষণকেন্দ্রের ‘ট্রেনিং সার্জেন্ট’ ছিলেন জগৎজ্যোতি। এমন একজন মর্যাদাসম্পন্ন মানুষ তার পদমর্যাদার আভিজাত্যের প্রভাব থেকে চ্যুত হয়ে তাও অধীনস্থ এক সৈনিকের পা ধরে সালাম করার প্রকোপে আক্রান্ত হবেন সেটা কল্পনাতীত একটি বিষয়, যা কোনও যুক্তিতেই সমর্থযোগ্য নয়। মনে হয়, এই অপপ্রচারটি শহিদ জগৎজ্যোতির সামাজিক মর্যাদাকে হেয় করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত ষড়যন্ত্র মাত্র। যিনি বুদ্ধিজীবী কিংবা লেখকদেরকে ‘বিকৃত মস্তিষ্ক’ বলতে পারেন, তিনি একজনকে কেবল জবানের জোরে পদলেহী কুকুর বানিয়েই ফেলতে পারেন, তাতে আর আশ্চর্যের কীইবা আছে।
‘আমি ছিলাম তার কোম্পানী কমান্ডার।’ শ্রদ্ধেয় আলী আমজাদ সাহেবের এই দাবীটি বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে সার্বিক বিবেচনায় সত্য প্রমাণিত হয়নি এবং ‘দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন’-য়ে (২৬ সেপ্টেম্বর ২০১৬) সম্প্রচারিত তাঁর সম্পূর্ণ ভাষ্যটিই অপ্রমাণিত বলে বিবেচনা করাই সর্বার্থে সমীচীন। কারণ তিনি যখন বর্ণনা করেন, ‘আমরা এগারো জন মারকুলি নদীর তীরে মাকালকান্দি গ্রামে অবস্থান নেই। … হানাদার বাহিনীর কার্গো কিংবা লঞ্চের উপর আক্রমণের জন্য অপেক্ষা করি।’ তখন বাস্তবের সঙ্গে তাঁর বর্ণনার কোনও সামঞ্জস্য থাকে না। বাস্তবে উল্লেখিত নদী ও গ্রামের ভৌগোলিক অবস্থানের মধ্যে প্রায় দশ কিলোমিটার ব্যবধান বর্তমান। শ্রদ্ধেয় আলী আমজাদ বলেছেন, মে মাসে সদরপুর যুদ্ধে (ব্রিজ ভেঙে দেওয়া) তিনি অংশ নিয়েছিলেন। অথচ এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল সম্ভবত এর অনেক পরে। জানা কথা, তিনি প্রশিক্ষণই নিতে গিয়ে ছিলেন জুনের শেষ সপ্তাহে। কারও যে কোনও বক্তব্যে এমন গড়মিল পরিলক্ষিত হলে তাঁর যে কোনও ভাষ্যের প্রতি আস্থা স্থাপন করা কতটুকু যুক্তিসঙ্গত হবে, বলুন? তাই তাঁর (শ্রদ্ধেয় আলী আমজাদ) প্রতি সনির্বন্ধ অনুরোধ এই যে, ‘প্রকৃত ঘটনাকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিকৃত ইতিহাস’ চর্চা থেকে দয়া করে বিরত থাকুন। মনে হয়, আপনি জগৎজ্যোতি সম্পর্কে মিথ্যাচার ছাড়া কোনও সত্য উচ্চারণ করেছেন, এই ধারনার পক্ষে কোনও যুক্তি উত্থাপন করতে পারবেন না।
বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে প্রথাদ্রোহী একজন বলেছেন, ‘কয়েক দশক ধরে তো কোটি কোটি বামন প্রাণভরে তাঁর সমালোচনা করছে। কিন্তু সত্য হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক, বাঙলাদেশের মহাস্থপতি।’ (হুমায়ুন আজাদ, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, আগামী প্রকাশনী, চতুর্থ মুদ্রণ : মে ২০০৪, পৃষ্ঠা : ৩০-৩১)। এই মুজিবের আদর্শে উজ্জীবিত ও একনিষ্ঠ এক মুজিবসেনা শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি সম্পর্কে যে যাই বলেন, আসল সত্যি হলো, জগৎজ্যোতি দেশমাতৃকার মুক্তির যুদ্ধে প্রাণোৎসর্গ করেছেন। আমরা জীবিতরা কেউ সে ভাগ্য করে উঠতে পারিনি। কিন্তু জীবিত কেউ যদি ভাবেন মৃতের জন্য পৃথিবীতে কীছুই থাকে না, তবে ভুল করবেন। রবীন্দ্র কিংবা নজরুল অথবা মুজিব কিংবা জগৎজ্যোতির জন্য পৃথিবী কখনও শূন্য থাকে না।
পরিশেষে আবারও শ্রদ্ধেয় আলী আমজাদের কাছে সবিনয়ে ক্ষমা প্রর্থনা করছি এবং জানবেন আপনাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এখনও সর্বোচ্চ সম্মান করি এবং করবো।