ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও গ্রামে জাগরণী ফাউন্ডেশন ও ব্র্যাকের প্রাক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। মঙ্গলবার দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলায় ব্র্যাকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বৃটিশ সরকার বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মেয়ে শিশুদের শিক্ষার জন্য ৫৪ মিলিয়ন পাউন্ডের একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে। ব্রিটিশ সরকার প্রকল্পটি টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে। মূলত এ অর্থ বাংলাদেশ সরকারকে ইউনিসেফের মাধ্যমে প্রদান করা হবে।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, হাইকমিশনের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম, ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া প্রমুখ।
এ ব্যাপারে জাগরণী চক্র ফাউন্ডেশন সুনামগঞ্জের পরিচালক মো. ফিরোজ রহমান বলেন, ইউনিসেফের মাধ্যমে নারী শিশুদের শিক্ষার উন্নয়নে ৫৪ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা বাংলাদেশ সরকারকে প্রদান করবে ব্রিটেন। সরকার নারী শিশুর শিক্ষার উন্নয়নে এই অর্থ ব্যয় করবেন।
এর আগে ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও ব্র্যাক ও জাগরণী ফাউন্ডেশন বিদ্যালয়ে উপস্থিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অভ্যর্থনা জানান। শিক্ষার্থীরা বাউল সম্রাট শাহ আব্দুল করিম’এর গান ও বৈষ্ণব সাধক রাধারমণ দত্তের লেখা ধামাইল পরিবেশন করেন।


