নার্স নিয়োগে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন

সু.খবর ডেস্ক
শূন্যপদে প্রায় ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নয় হাজার ৬১৬ জন সিনিয়র স্টাফ নার্স সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এ প্রস্তাব অনুমোদন হওয়ায় সিনিয়র স্টাফ নার্স পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোটার কোনো পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ করা সম্ভব না হলে জাতীয় মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের মাধ্যমে তা পূরণ করা যাবে।
কোটা পদ্ধতি শিথিল করার কারণ হিসেবে শফিউল বলেন, ‘এখন মহিলাদের মধ্যে মুক্তিযোদ্ধা পাবেন কই? মুক্তিযোদ্ধাতো নাইই আসলে এখন। যাদের জন্ম একাত্তর সালের পরে, এরাই হল কেন্ডিডেট। মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া যাচ্ছে না। তাদের সন্তান, নাতি-পুতিসহ কাউকে পাচ্ছি না।’
তিনি বলেন, মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া কারণে পদ ফাঁকা থাকতে পারে না। তাই শূন্য পদ পূরণের জন্য কোটা শিথিল করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নয় হাজার ৬১৬টি শূন্য পদ পূরণ হয়ে গেলে ভবিষ্যতে আবার কোটা শিথিলের জন্য নতুন করে মন্ত্রিসভার অনুমতি নিতে হবে।
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়াও অনুমোদন করা হয়। এ ক্ষেত্রে নতুন আইন হলে সরকারের অনুমোদন নিয়ে পাট গবেষণা ইনস্টিটিউট দেশের যে কোনো স্থানে নতুন শাখা খুলতে পারবে।