দুই সতীনের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল ভাসুরের

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে ছোট ভাইয়ের দুই বউদের (দুই সতীনের) ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন (ভাসুর) বড় ভাই রোয়াব আলী (৪৮)। পুলিশ লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নাদামপুর গ্রামের আব্দুর রউফ এর পুত্র নাছির উদ্দিনের প্রথম স্ত্রী ফরিনা বেগম ও মোমিনা বেগম এই দুই বউদের মধ্যে বুধবার ৮ টার দিকে ঝগড়া লাগে। ঝগড়া থামাতে এগিয়ে যান নাছির উদ্দিনের বড় ভাই রোয়াব আলী। এক পর্যায়ে তিনি আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোবারক হোসেন জানান, ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। তার ডান হাতের মধ্য দুটি আঙ্গুলে আঘাতের চিহৃ রয়েছে।
নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, দুই সতীনের ঝগড়া থামাতে গিয়ে তাদের একজনের আঘাতে আমার স্বামী মারা গেছেন। আমার স্বামীর বুকে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর লাশ দাফন শেষে মামলা দায়ের করব। এ ব্যাপারে ৫ জনকে অভিযুক্ত করে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। হাতের আঙ্গুলে সামান্য আঘাত ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।