কাজী জমিরুল ইসলাম মমতাজ,
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গ্রামীণ সড়ক, ব্রীজ ও কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার অংকে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার প্রায় ১৫ টি রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। যার দরুন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষদের। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বন্যায় উপজেলার কোন কোন এলাকার পুরো রাস্তা ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনেক রাস্তা পুরোটাই বিলীন হয়ে গেছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল(এলজিইডি) অফিস সুত্রে জানা যায়, পরপর ৩ দফা বন্যা হওয়ায় ক্ষতির পরিমান সঠিকভাবে নিরূপণ না করা গেলেও বন্যাায় গ্রামীণ সড়ক ও ব্রীজ কালভার্ট সহ আনুমানিক প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভাঙ্গা সড়কগুলোর তালিকা ইতিমধ্যেই জেলা এলজিইডি প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। যে সকল রাস্তা ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এলজিইডি অফিস এর দ্রুত বাস্তবায়ন করবে বলেও জানা যায়।
উপজেলার মৌগাও এলাকার লিংকন বৈদ্য বলেন, বন্যায় আমাদের পুরো রাস্তা ভেঙ্গে গেছে। এখন চলাফেরা করতে কষ্ট হয়। সরকারের কাছে জোর দাবি দ্রুত যেন রাস্তাটি সংস্কার করে দেয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দরগাপাশার বাসিন্দা সদরুল ইসলাম বলেন, রাস্তা ভেঙ্গে যাওয়ায় মানুষ দূর্ভোগ পোহাচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ দ্রুত যেন রাস্থা সংস্কার করা হয়।
সিচনী এলাকার একজন বলেন, সিচনি রাস্তাটি বন্যায় তছনছ হয়ে গেছে। এলাকার মানুষের চলাফেরা করতে কষ্ট হয়। সরকারের কাছে আকুল আবেদন দ্রুত যেন আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শামীম হাসান বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। যে সকল রাস্তার পুরো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই রাস্তাগুলো দ্রুত চলাচলের উপযোগী করে দেয়া হবে।


