সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে ব্যবসায়ী ও জনসাধারণের ব্যবহারের জন্য ১২ লক্ষাধিক টাকায় নির্মিত টয়লেট উদ্বোধনের ৬ মাসের মাথায় ভেঙ্গে গেছে। এলাকাবাসীর অভিযোগ টয়লেট নির্মাণে নিম্নমানের সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছিল।
জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলা বাদাঘাট (দ:) ইউনিয়নের শক্তিয়ারখলা বাজার ব্যবসায়ী ও জনসাধারণের জন্য ১২ লক্ষাধিক টাকা ব্যয়ে জাতীয় স্যানিটেশন (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় পাবলিক টয়লেট টি নির্মাণ করা হয়েছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে গত ৮ ফেব্রুয়ারি টয়লেট উদ্বোধন করা হয়। উদ্বোধনের ৬ মাসের মাথায় টয়লেটের ওয়াল ভেঙ্গে গিয়ে সংযুক্ত পাইপগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মূল টয়লেটের পেছনের অংশের মাটি সরে গিয়ে ওয়ালে ফাটল দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা না হলে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অনেকেই ঠিকাদারের নিম্নমানের কাজ ও দায়িত্ব অবহেলাকে দায়ী করেছেন।
শক্তিয়ারখলা বাজার বণিক সমিতির সভাপতি হরলাল তালুকদার পুতুল জানান টয়লেট নির্মাণে আমাকে সম্পৃক্ত করা হয়নি। শুনেছি ১২ লক্ষাধিক টাকা ব্যয়ে টয়লেট নির্মাণ করা হয়েছে। ঠিকাদার নিম্নমানের কাজ করেছেন এ জন্য ৬ মাসের মাথায় টয়লেট ভেঙ্গে গিয়েছে। এখনই যদি টয়লেট টি মেরামত করা না হয় তাহলে মূল টয়লেট দেবে গিয়ে সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে।
বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ মিয়া জানান আমার জানামতে টয়লেট নির্মাণের জন্য ১২ লক্ষাধিক টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। টয়লেট নির্মাণে ঠিকাদার ব্যাপক অনিয়ম করেছেন এবং নিম্নমানের কাজ হয়েছে। আমিও সরোজমিনে টয়লেটের অবস্থা পরিদর্শন করে খুবই মর্মাহত হয়েছি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার জানান, এবারের বন্যায় নির্মিত টয়লেটের একটি ওয়াল ভেঙ্গে গেছে বলে খবর পেয়েছি। বর্ষায় মেরামত করা সম্ভব হবে না। তাই শুকনো মৌসুমে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।


