১৩ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন অ্যাড.পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৭, ৮, ৯ ওয়ার্ডের ১৩টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সোমবার বিকালে হাসাউরা, দর্পগ্রাম, রসুলপুর, সুলেমানপুর, শিংপুর, নৈগাং, শাহপুর, হরিণকান্দি, বনগাঁও, মোল্লাপাড়া, ছমেদনগর, কান্দিছমেদনগর, টিলাগাঁওসহ ১৩টি গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে রঙ্গারচর ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রঙ্গারচর ইউনিয়নের ৭, ৮ ও ৯ ওয়ার্ডবাসীর আয়োজনে নৈগাং বাজারে সভা অনুষ্ঠিত হয়। গ্রামের মুরুব্বি নুরুল হক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় তিনি বলেন, আমি যা বলি তাই করি। কারণ আমি এক কথার মানুষ। যে কাজ আমি করতে পারব, সেই কাজের কথা আপনাদের বলে যাবো। বলে গেলাম আর করতে পারলাম না সেই মন মানসিকতার মানুষ আমি নয়।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার নির্বাচনী যে সব এলাকায় বিদ্যুৎ ছিলনা আমি সেই সব এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করছি।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল বাসেত, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, মুরুব্বি মো. আব্দুল করিম, সমাজসেবক আব্দুল হেকিম, রঙ্গারচর জাতীয় পার্টির আহবায়ক ফায়জুর রহমান, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আসাদ প্রমুখ।