স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে গত ২৯ মার্চ ‘হাসপাতালে অকন মমবাত্তি ও হারিকেন লাগে না’ শিরোনামে প্রকাশিত বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের রিপোর্টটি ‘পায়াকট বাংলাদেশ’ এর ৬টি শ্রেষ্ঠ প্রতিবেদনের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) প্রতিবেদনটিকে ‘পায়াকট বাংলাদেশ শ্রেষ্ঠ প্রতিবেদন’ হিসাবে মনোনীত করে। গত ২৬ জুলাই পাঠানো পায়কট বাংলাদেশ এর পরিচালক আবু ইউসুফ চৌধুরী স্বাক্ষরিত পত্রে পুরস্কার প্রদানের বিষয়টি বিন্দু তালুকদারকে জানানো হয়েছে। ২৭ জুলাই বুধবার ওই পত্রটি হাতে পেয়েছেন তিনি। এলজিএসপি-২ এর পক্ষে পায়াকট সহসাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে পুরস্কারের নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।


