স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরের বাসিন্দা জেলা কৌরকার (নাপিত) সংঘের সদস্য সেলুন ব্যবসায়ী বিপ্লব দাস ও তার ভাই কংকন দাসের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা কৌরকার সংঘ।
গতকাল সোমবার দুপুর ১২ টায় পৌর শহরের ষোলঘর পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচিতে কৌরকার সংঘ ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৌরকার সংঘের আহবায়ক নিতাই চন্দ, সুনামগঞ্জ সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠুন চন্দ, ব্যবসায়ী শাহীনুর আহমদ, সুমন আহমদ, জিকু দাস, জেলা কৌরকার সংঘের সদস্য কৃষ্ণ চন্দ, ঝুনু চন্দ, সুধা চন্দ, সম্ভু চন্দ, নিধু চন্দ, দ্বিজময় চন্দ, স্বপন শীল, বাপ্পি দাস, মলয় চন্দ, দুলু বৈদ্য ও সুমন বৈদ্য প্রমুখ। বক্তারা সেলুন ব্যবসায়ী বিপ্লব দাস ও তার ভাই কংকন দাসের উপর হামলাকারী মোশারফ হোসেন লিটনের কঠোর শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, কথা কাটাকাটির জের ধরে ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের ষোলঘর পয়েন্টে সেলুন ব্যবসায়ী বিপ্লব দাস ও তার ভাই কংকন দাসের উপর ছুরি নিয়ে হামলা করে শহরের মোহাম্মদপুরের বাসিন্দা মোশারফ হোসেন লিটন। ছুরিকাঘাতে গুরুতরভাবে জখম হয় বিপ্লব দাস ও তার ভাই কংকন দাস। স্থানীয় লোকজন হামলাকারী লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং আহত দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় বিপ্লব দাসের কাকা জিকু দাস বাদী হামলাকারী মোশারফ হোসেন লিটনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মোশারফ হোসেন লিটন জেল হাজতে আটক রয়েছে।


