জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন ১০ অক্টোবর

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন আগামী ১০ অক্টোবর শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২১ সেপ্টেম্বর সোমবার নির্বাচন কমিশন ২ এর অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত একপত্রে স্থগিত হওয়া জগন্নাথপুর পৌরসভাসহ দেশের ৫টি পৌরসভার উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। এসব তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে জানা গেছে। তবে এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আমি শুনেছি আগামী ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন। তবে লিখিত কোন কিছু এখনও পাইনি।
প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মনাফের মৃত্যুতে নির্বাচন কমিশন গত ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনসহ তফশিল ঘোষণা করে। ২৯ মার্চ ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছিল। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার জগন্নাথপুরসহ ৫টি পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করে।