বিয়ের অনুষ্ঠানে বর অনুপস্থিত তাই…

ছাতক প্রতিনিধি
ছাতকে বিয়ের অনুষ্ঠানে বরকে উপস্থিত হতে দেয়নি বে-রসিক পুলিশ। বর না আসায় বিয়ের অনুষ্ঠান থেকে হতভাগী কনেকে পুনরায় পিত্রালয়ে ফেরত যেতে হয়েছে। একটি হত্যা মামলার আসামী হওয়ায় পুলিশের ভয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি বর। ঘটনাটি ঘটেছে শনিবার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক মা কমিউনিটি সেন্টারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন বাগাইড় গ্রামের মৃত  হরমুজ আলীর পুত্র সামছুল ইসলামের সাথে একই ইউনিয়নের খাড়াই গ্রামের এক মেয়ের সাথে বিয়ের দিন ধার্য করা হয়। ধার্য করা তারিখ অনুযায়ি শনিবার ছিল বিয়ের মূল আনুষ্ঠানিকতা। বিয়ের অনুষ্ঠানে কনেসহ কনে পক্ষের আমন্ত্রণী মেহেমানগণ যথাসময়ে কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়। সময়মতো বর পক্ষের লোকজনও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। আগত মেহেমানদের খাওয়া-দাওয়া চলছিল ঠিকঠাক মতো। এতসব আনুষ্ঠানিকতা চললেও কনে পক্ষের লোকজন বর আগমনের অপেক্ষায় রয়েছিল। এক পর্যায়ে বিয়ের অনুষ্ঠানে বর না আসায় কনে পক্ষ পুনরায় পিত্রালয়ে ফিরিয়ে নিয়ে যায় কনেকে।
এ ব্যাপারে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, বর সামছুল ইসলাম একটি হত্যা মামলার পলাতক আসামী। গেফতার এড়াতেই সে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়নি।