ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় অষ্টম শ্রেণিতে পড়–য়া আরো এক স্কুল ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশসান রবিববার বিকেলে এ বাল্যবিয়ে (মঙ্গলাচরণ) বন্ধ করেছে।
জানা যায়, উপজেলার একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়–য়া ওই স্কুল ছাত্রীর সাথে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এক যুবকের রোববার বিকেল তিনটার দিকে মঙ্গলাচরণ (বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা শাঁখা ও সিঁদুর পড়ানো) সম্পন্ন হওয়ার কথা ছিল। স্থানীয় এক যুবক এ বাল্যবিয়ের খবরটি স্থানীয় সাংবাদিকদের জানান। সাংবাদিকরা বিষয়টি ইউএনও মোহাম্মদ নাজমুল হককে জানান। তিনি ঘটনার সত্যতা জেনে এটি বাল্যবিবাহ হলে তা বন্ধ করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলেন। ওই ইউপি চেয়ারম্যান সঙ্গে সঙ্গে ওই ছাত্রীটির বাড়িতে যান
এবং বাল্যবিয়ের কুফল ও রাষ্ট্রীয় আইনে এটি নিষিদ্ধ বলে ছাত্রীর বাবা মাকে জানালে তাঁরা মঙ্গলাচরণ অনুষ্ঠান বন্ধ করেন।
ওই ইউপি চেয়ারম্যান জানান, ইউএনও’র কাছ থেকে বিষয়টি জানার পর তিনি ওই ছাত্রীটির বাড়িতে গিয়ে মঙ্গলাচরণ অনুষ্ঠানের সত্যতা পান এবং তা বন্ধ করে দেওয়া হয়।
মধ্যনগর থানার ওসি মাজহারুল হক জানান, স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এ বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও মোহাম্মদ নাজমুল হক জানান, স্থানীয় কয়েকজন সাংবাদিক বাল্যবিয়ে বন্ধে কঠুর অবস্থানে থাকায় ও উপজেলা প্রশাসনকে এ নিয়ে সর্বাত্মক সহায়তা করায় একের পর এক বাল্যবিয়ে বন্ধ করা যাচ্ছে এবং এই বাল্যবিয়েটিও বন্ধ হয়েছে।


