দিরাইয়ে সুরঞ্জিত সেন খালেদা জিয়া জঙ্গি রক্ষার ডাক দিয়েছেন

টিপু সুলতান, দিরাই
জাতীয় ঐক্যের নামে খালেদা জিয়া জঙ্গী রক্ষার ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। রবিবার বিকেলে  দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করে বলেন,‘২১ আগষ্ট খালেদা- মওদুদ’র দল গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের ২১ নেতা-কর্মীকে হত্যা করেছিল। আমরা তখন সংসদে এ নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। অথচ তারা গ্রেনেড হামলার বিষয়ে সংসদে আমাদের আলোচনা করতে দেয় নি।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেন বলেন, তখন কি দেশে গণতান্ত্রিক সরকার ছিল না? এখন মওদুদ সাহেবরা বলছেন, দেশে গণতান্ত্রিক সরকার নেই বলেই জঙ্গী হামলা হচ্ছে। সুরঞ্জিত অভিযোগ করেন,‘বিএনপি-জামায়াত যেমনিভাবে দেশে বাংলা ভাই’র জন্ম দিয়েছিল তেমনিভাবে তারাই আজ জঙ্গীবাদের উত্থান ঘটাচ্ছে।’   
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়।
এর আগে সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ধান চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা বিরোধী কমিটি ও উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।