আকরাম উদ্দিন
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ যেমন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সরকারি বেসরকারি সকল অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে এখানে। কিন্তু মাঠের যথাযথ যতœ না নেয়ায় এবং মাঠের চারিদিক ময়লা ফেলায় মাঠটি ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। তাই মাঠের ময়লার ভাগাড় পরিস্কার করার দাবি সচেতন মানুষের। শহরের মেইন সড়কের পাশে অবস্থিত এই মাঠকে একটি নান্দনিক মাঠে রূপান্তরের পরিকল্পনার কথা জানান একাধিক সচেতন ব্যক্তি। কেননা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় লেখাপড়ার মনোনিবেশ বৃদ্ধি পায়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুণদের প্রতিভা বিকাশ বা চর্চা করার অন্যতম সুযোগ এই মাঠ। বিদ্যালয়ের বার্ষিক খেলাধুলা, বৃক্ষমেলা, বাণিজ্যমেলা, পশুর হাট, মটর সাইকেল প্রশিক্ষণসহ নানা রকমের অনুষ্ঠান হয় এই মাঠে। কিন্তু মাঠের সামনে সড়কের পাশের দোকানদারদের ছুঁড়ে ফেলা ময়লা, বাসা-বাড়ির ময়লা, উকিলপাড়া পয়েন্টের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানে পরিণত হয়েছে। মেইন সড়কের পাশে মাঠের দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁষে ময়লা ফেলা হচ্ছে। পূর্বদিকের দেওয়াল ঘেঁষে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে এবং স্তুপ করে ময়লা ফেলা হয়েছে। মাঠের পশ্চিম দিকে বিভিন্ন স্থানে ময়লা জমে আছে। ময়লা আছে মাঠে উত্তর দিকের নানা স্থানে। মাঠের চার দিকের ময়লার ভাগাড় রেখেই চলে ক্রীড়ামোদীদের প্রতিদিনের খেলাধুলা।
প্রতিদিন শহর বা শহরতলী এলাকার হাজারো মানুষ এই মাঠ ঘেঁষে যাওয়া চতুর্মুখি সড়ক দিয়ে চলাচল করেন। প্রতিনিয়ত এসব পথচারীদের চোখে পড়ে ময়লার ভাগাড়ের নোংরা দৃশ্য। এই ময়লা যেমন প্রাকৃতিক সৌন্দর্যকে বিনষ্ট করেছে, তেমনভাবে পরিবেশও দূষণ করেছে।
কৃষক নেতা আব্দুল কাইয়ুম বলেন, জেলার ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় জুবিলী। এই বিদ্যালয়ের মাঠ সব সময় সুন্দর, পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন রাখা উচিৎ। বাসা-বাড়ি ও দোকানপাটের ময়লা আবর্জনা ফেলে এখন নোংরা পরিবেশ তৈরি হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এই মাঠ পরিচ্ছন্ন রাখা জরুরি প্রয়োজন।
পথচারী আব্দুল গফফার বলেন, ছোট বেলা ষোলঘর থেকে হেঁটে এসে সবুজ ঘাসে বসতাম অনেক রাত পর্যন্ত। খুবই ভাল লাগতো। এখন আর সেই পরিবেশ নেই। সব নোংরা হয়েছে। মাঠ পরিচ্ছন্ন রাখলে দেখতে ভাল লাগে।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান বলেন, বিদ্যালয়ের মাঠ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মাঠের পাশের বাসা-বাড়ির ময়লা আবর্জনা এবং দোকানপাটের ময়লা আবর্জনা এই মাঠে ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। দেওয়ালের কিনারে তাকালেই বিশ্রী লাগে। এই মাঠ দৃষ্টিনন্দন এবং বিশাল। মাঠের সৌন্দর্য রক্ষায় অনেক আগে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


