৫ জয়িতাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নির্বাচিত ৫টি ক্যাটাগরীতে ৫ জন জয়িতা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে সুনামগঞ্জ সদর উপজেলার ভৈরবহাটি গ্রামের মোছা. ববিতা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে পৌর শহরের পশ্চিম নতুন পাড়ার পান্না রানী তালুকদার, সফল জননী নারী ক্যাটাগরীতে বিশ^ম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের তারামনি শর্ম্মা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরীতে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ গ্রামের তাহমিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে দোয়ারাবাজার উপজেলার বলিছড়া গ্রামের সাফিয়া খাতুন। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আনিসুর রহমান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী ফৌজি আরা শাম্মী, সুনামগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।