ভোজ্য তেলের দাম বেড়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাট-বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে ব্যাপক হারে। গত পনের দিন ধরে ভোজ্য তেলের দাম বাড়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। প্রতি লিটারে দাম বেড়েছে ১৮ থেকে ২০ টাকা করে।
ভোজ্য তেল তীর প্রতি লিটার ছিল ১০৩ টাকা করে। এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। বসুন্ধরা প্রতি লিটার ছিল ৯৮ টাকা। বিক্রি হচ্ছে ১২০ টাকা। রূপচাঁদা প্রতি লিটার ১০৩ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। ন্যাচারাল ছিল ৯৮ টাকা করে প্রতি লিটার। বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। ন্যাচারাল প্যাকেটজাত প্রতি লিটার তেলের মূল্য ছিল ৮৫ টাকা, বিক্রি হচ্ছে ১শ’ টাকায়। পিওর প্রতি লিটার ছিল ৮৫ টাকা করে, বিক্রি হচ্ছে ১শ’ টাকা করে প্যাকেটজাত তেল। ফ্রেস প্রতি ৎলিটার ছিল ১০২ টাকা করে। বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। পুষ্টি প্রতি লিটার ছিল ৯৬ টাকা, বিক্রি হচ্ছে ১১০ টাকা করে।
একাধিক ব্যবসায়ী জানান, কোনো কোনো দোকানে তেলের দাম সামান্য কম বেশি করে বিক্রি করছেন। তেলের বোতলে সাঁটানো বডির দামের চেয়েও বেশি দামে বিক্রি করছেন অনেকে। এই কারণে ভোজ্য তেল বিক্রিতে ক্রেতাদের নানা প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে তাদের।
বাজারে আসা গফ্ফার মিয়া বলেন, তেলের দাম তেলতেলাইয়া বেড়ে যাচ্ছে। কিন্তু যারা তেল ক্রয় করেননি তারা জানতে পারছেন না যে তেলের প্রতি লিটারে অন্ত:ত ২০ টাকা করে বেড়েছে। দ্রুত তেলের দাম কমানোর দাবি আমাদের।
ক্রেতা আব্দুল হামিদ বলেন, ভোজ্য তেল রান্নার কাজে অতি গুরুত্বপূর্ণ। তেল ছাড়া রান্নার কাজ চলে না। নিরবে বাড়ছে তেলের দাম। তেলের দাম বেড়েছে এমন বিষয় না জানায় অনেকের কোনো মন্তব্য নেই।
ব্যবসায়ী গৌরাঙ্গ দেব বলেন, সকল প্রকার কোম্পানীর ভোজ্য তেলের দাম বেড়েছে ব্যাপক হারে। তেলের যে সময়ে যে দাম সেই দামে বিক্রি করছি আমরা।
পাইকারী ব্যবসায়ী মুখলেছুর রহমান মোল্লা বলেন, সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও ভোজ্য তেলের দাম বেড়েছে। গত কয়েকদিন ধরে এইভাবে বেড়ে চলেছে তেলের মূল্য। তেল আমদানী হলে কমে আসতে পারে।
পাইকারী ব্যবসায়ী অসীম রায় বলেন, তেলের দাম বেড়ে চলেছে। ৫ লিটারের বোতল বিক্রি হয়েছে ৪৮০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। তেলের দাম আরও বাড়তে পারে।