প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

আকরাম উদ্দিন
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। জাহাঙ্গীরনগর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. মুকশেদ আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, ঠিকাদার মো. আবু হানিফ। জাতীয় পার্টির প্রার্থী হিসাবে মো. রশিদ আহমদ, বিএনপি’র প্রার্থী হিসাবে প্রচারণায় আছেন আমজদ হোসেন।
মো. আবু হানিফ বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব। এজন্য আমি ইউনিয়নের বাড়ি-ঘর ও দোকানপাটে পোস্টার সাঁটিয়ে দিয়েছি। ঘরে ঘরে ক্যালেন্ডার পৌঁছে দিয়েছি। সড়কের পাশে গাছের ডালে বিলবোর্ড টাঙিয়ে দিয়েছি। ধর্মীয় প্রতিষ্ঠানে, হাট-বাজারে, বাড়ি বাড়ি গিয়েও প্রচারণা চালাচ্ছি। জেলা জাতীয় পার্টীর যুগ্ম আহ্বায়ক মো. রশিদ আহমদ বলেন, আমি ইউনিয়ন চেয়ারম্যান পদে একাধিক বার নির্বাচন করেছি। বিপুল পরিমাণে ভোটও পেয়েছি। বিজয়ী হতে না পারলেও মানুষের উন্নয়নে কাজ করে চলেছি। দুঃখি ও দরিদ্র মানুষকে সবসময় সহযোগিতা করে আসছি। এবারও জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করব। আমি নির্বাচিত হলে সঠিকভাবে সকল শ্রেণী পেশার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করব। ইউনিয়নের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করব। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।
সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুল কাদির বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিগত সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনেক উন্নয়ন কাজ করেছি। আমি পুনরায় নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্টসহ তৃণমূল পর্যায়ে উন্নয়ন করে মডেল ইউনিয়নে রূপান্তর করব।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মুকশেদ আলী বলেন, আমি একাধিকবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্টসহ বিভিন্ন রকমের উন্নয়ন কাজ করেছি। সকল শ্রেণী পেশার মানুষের পাশে থেকে তাঁদের জীবনমান উন্নয়নের চেষ্টা করেছি। আগামী নির্বাচনেও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করব।