সড়কে স্পীডব্রেকার নির্মাণকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নে পাকা সড়কের বিভিন্ন স্থানে ব্যক্তিগতভাবে স্পীডব্রেকার নির্মাণ করায় চলাচলকারী যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে। যানবাহনের একাধিক যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। এসব স্পীডব্রেকার নির্মাণকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের।
ইউনিয়নের হালুয়ারঘাট-ইব্রাহীমপুর পাকা সড়কের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ স্পীডব্রেকার নির্মাণ করা হয়েছে। ইব্রাহীমপুরসহ
গ্রামের পূর্বপাড়া ও উত্তরপাড়ার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ এসব স্পীডব্রেকার রয়েছে। মইনপুর গ্রামের বিভিন্ন স্থানেও রয়েছে ঝুঁকিপূর্ণ স্পীডব্রেকার। এমনকি হালুয়ারঘাট বাজারেও একাধিক স্থানে রয়েছে স্পীডব্রেকার।
স্থানীয়রা জানান, পাকা সড়কের পাশে যারা বসতভিটা তৈরি করেছেন বা দোকানঘর নির্মাণ করেছেন, মূলত: তারাই এসব ঝুঁকিপূর্ণ স্পীডব্রেকার নির্মাণ করেছেন। নিজেকে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রভাবশালী প্রচার দিতে অযথা সড়ক অবরুদ্ধ করে উঁচু করে স্পীডব্রেকার নির্মাণ করেছেন। একই বসতঘর বা দোকানঘরের সামনে দুইটি করে স্পীডব্রেকার নির্মাণ করেছেন একাধিক ব্যক্তি। একইভাবে ইব্রাহীমপুর আনন্দবাজার এলাকায় আছে একাধিক স্পীডব্রেকার।
মানুষ ও যান চলাচলের সরকারী পাকা সড়কের উপর যারা স্পীডব্রেকার নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
প্রতিদিন ইব্রাহীমপুর-হালুয়ারঘাট সড়ক দিয়ে যানবাহন করে হাজার হাজার মানুষ শহরে আসা-যাওয়া করেন। একইভাবে ইব্রাহীমপুর-সৈয়দপুর হয়েও মানুষজন শহরে আসা-যাওয়া করেন। নদীর উত্তরপাড়ের মানুষের অতিগুরুত্বপূর্ণ এই দুই সড়কের বিভিন্ন স্থানে স্পীডব্রেকার থাকায় মানুষ নানা ভোগান্তিসহ দুর্ঘটনায় কবলিত হচ্ছেন প্রতিদিন। বেশি সমস্যায় পড়েছেন রোগীরা আসা-যাওয়া করতে। গর্ভবতী মায়েরা সড়কের এই স্পীডব্রেকার অতিক্রম করতে মারাত্মক কষ্টের সম্মুখিন হচ্ছেন।
মইনপুর গ্রামের ব্যবসায়ী শিপু মিয়া বলেন, পাকা সড়কের উপর নির্মিত স্পীডব্রেকারের কারণে মাল ভর্তি বা যাত্রীবাহী যানবাহন চালানো যাচ্ছে না। রাতের অন্ধকারে বয়স্ক মুসল্লিরা চলাফেলায় স্পীডব্রেকারে হোঁচট খেয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা অ্যাড. নুর হোসেন বলেন, আমাদের উত্তর এলাকার মানুষ শহরে যোগাযোগের অন্যতম দৃষ্টিনন্দন সড়ক ইব্রাহীমপুর-হালুয়ারঘাট। গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত স্পীডব্রেকার নির্মাণ করলে যানবাহনের ক্ষতি হয় যেমন দুর্ঘটনাও ঘটে। সড়কে স্পীডব্রেকার নির্মাণকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া জরুরি প্রয়োজন।
সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, যারা পাকা সড়কের উপর স্পীডব্রেকার নির্মাণ করবে, খরব পেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।