মোল্লাপাড়া ইউনিয়ন, প্রচারণায় ৮ জন

আকরাম উদ্দিন
সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিলবোর্ড, ব্যানার, ইংরেজি নববর্ষ উপলক্ষে ক্যালেন্ডার ও পোস্টার সাঁটিয়ে প্রার্থীতার জানান দিচ্ছেন। বিভিন্ন গ্রামে উঠান বৈঠক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে দোয়াসহ সহযোগিতা প্রার্থনা করছেন।
মোল্লাপাড়া ইউনিয়নের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান মো. নুরুল হক, সাবেক চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ইশতিয়াক রিপন, আলমগীর হোসেন, বকুল চন্দ্র দাশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রচারণায় রয়েছেন সম্ভাব্য জাতীয় পার্টীর চেয়ারম্যান প্রার্থী মো. শামীম আহমদ। মাসুক আহমদ, মশিউর রহমান তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে এলাকায় প্রচারণা করে যাচ্ছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইশতিয়াক রিপন বলেন, আমি এবার চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচারণায় মাঠে আছি। নির্বাচনের অনেক আগে থেকে প্রচারণার মাধ্যম হিসাবে ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার, বিলবোর্ড, ব্যানার টাঙ্গিয়ে দিয়েছি। ইউনিয়নের বিভিন্ন গ্রামে সভা করে যাচ্ছি। আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি।
সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণায় আছেন বকুল চন্দ্র দাশ। তিনি বলেন, আমি এবার আগে থেকে প্রচারণায় নেমেছি। এই প্রচারণার মাধ্যম হিসাবে পোস্টার, ব্যানার, বিলবোর্ড এমনকি ইংরেজি নববর্ষের ক্যালেন্ডারও মানুষের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেছি। আমি সকলের সহযোগিতা চাই।
মোল্লাপাড়া ইউনিয়নের সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুছ ছালাম বলেন, আমি বিগত সময়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ইউনিয়নের অনেক উন্নয়ন কাজ করেছি। এবারও আমার স্বপ্ন ইউনিয়নে তৃণমূল পর্যায়ে উন্নয়ন করার। এবার চেয়ারম্যান নির্বাচিত হলে হাওর জনপদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাটের টেকসই উন্নয়ন করব। সর্বোপরি সকল শ্রেণী পেশার মানুষের জীবনমানের উন্নয়ন করব। এই জন্য আগে থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
মোল্লাপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. নুরুল হক বলেন, আমি বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। নির্বাচন কাছাকাছি আসলে আমি মাঠ পর্যায়ে প্রচারণায় নামবো।