ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে আল আমিন (২৮) নামের এক বখাটে যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বখাটে আল আমিন উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই আলতাবপুর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে স্কুল ছাত্রীর বাবা ওই বখাটেকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
জানা যায়, দীর্ঘ দিন ধরে বখাটে আল আমিন ওই স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে
যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিল। গত বুধবার দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে তাকে উত্যক্ত ও তার হাত ধরে টানাটানি করে বখাটে আলআমিন। স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। পরে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি বখাটে আল আমিনের পরিবারকে জানানো হয়। আর এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে ওইদিন রাত আটটার দিকে স্কুল ছাত্রীর বাড়িতে যায় এবং ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ছাত্রীর আর্তচিৎকারে তার মা ছুটে এলে তাকে (মা) আল আমিন ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ছাত্রীর মা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে জানান। পরে ওইদিন বিকেলে স্থানীয় লোকজন বখাটেকে আটক করে পুলিশকে খবর দেয়।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, আল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
- শিশু ইমন হত্যা মামলা সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর
- ছাত্রলীগের ত্রাণ বিতরণ সার্কিট হাউসে হাতাহাতি-ভাঙচুর


