তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলা কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, জামেয়া ইসলামিয়া কাউকান্দি বাজার মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা জমির হোসাইন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পথে রাস্তায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা জমির হোসাইন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চড়গাঁও (হলহলিয়া) গ্রামের মো.উমর আলীর ছেলে।
জানা যায়, গত সোমবার সন্ধায় উপজেলার বাদাঘাট বাজার মসজিদ থেকে নিজ বাড়ি চড়গাঁও ফেরার পথে কাশতাল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি মাথায় প্রচন্ড আগাত পেয়ে গুরুতর আহত হন। পরে পথচারী ও পরিবারের লোকজন রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে তার অবস্থা অবনতি হলে এখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে প্রেরন করলে সেখানে তাকে ভর্তি করা হয়। এখানে চিকিৎসার পর কোন উন্নতি না হওয়ায় তাকে ঢাকা থেকে নিজ বাড়ি নিয়ে আসার পথে দুপুর দেড়টার দিকে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মরহুমের দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কাউকান্দি বাজার মাদ্রাসার সামনে জানাজা নামাজ শেষে চড়গাঁও পঞ্চায়েত কবর স্থানে দাফন করা হবে।


