বিদ্যালয়ের অভাবে মাধ্যমিক শিক্ষা বঞ্চিত ২১ গ্রামের শিক্ষার্থী

ধর্মপাশা প্রতিনিধি
বর্ষায় প্রতিটি গ্রামই থাকে পানিবন্দি। প্রাথমিকের শিক্ষার্থীরা নৌকায় করে সহজেই যাতায়াত করে স্থানীয় বিদ্যালয়ে। পানি শুকিয়ে গেলে শুরু হয় বিপত্তি। দূরের গ্রামগুলো থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিকে ভর্তির পালা শুরু হলেই ঝরে পড়ে এসব শিক্ষার্থীরা। মাধ্যমিক বিদ্যালয় তুলনামূলক দূরে অবিস্থত এবং স্থানীয় কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় মাধ্যমিকে ভর্তির ব্যাপারে অনাগ্রহ তৈরি হয় শিক্ষার্থীদের। বর্ষায় নৌকায় করে হাওর পাড়ি দিয়ে দূরের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার ভয় অভিভাবকদের যেমন কাবু করে অন্যদিকে উপজেলা সদরে রেখে নিজ সন্তানকে পড়ানোর ব্যাপারে তাদের (অভিভাবক) সামর্থহীনতা এবং অনীহা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। শুধুমাত্র একটি মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে এভাবেই ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ২১টি গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে প্রতি বছর।
উপজেলা সদরে অবস্থিত জনতা মডেল উচ্চ বিদ্যালয় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। বর্ষায় উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। অন্যদিকে পার্শ্ববর্তী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর হাজি আব্দুল হাফেজ স্কুল এন্ড কলেজে যেতে গেলেও বড় বড় হাওর পাড়ি দিয়ে যেতে হয়। বর্ষায় নৌকায় করে যাতায়াত করতে পারলেও শুকনো মৌসুমে তা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তবুও কিছু শিক্ষার্থী দুটি বিদ্যালয়ে ভর্তি হয়। আবার যাদের আর্থিক স্বচ্ছলতা রয়েছে তারা তাদের সন্তানদের মোহনগঞ্জ বা নেত্রকোনার বিদ্যালয়ে ভর্তি করে দেয়। ফলে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি এলাকাবাসীর।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়নে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষার পরেই শিক্ষার্থীরা ঝরে পড়ছে এবং উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন অতীব জরুরি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির রহমান বলেন, ‘অঞ্চলের শিক্ষার্থীরা মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘ধর্মপাশা উপজেলার শিক্ষার মান বাড়াতে এবং শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এ ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।’