জিপিএ ৫ বেড়েছে ৬ গুণ

স্টাফ রিপোর্টার
পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নে পাস করেছে সবাই। শনিবার ঘোষণা করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় এ বছর সুনামগঞ্জ জেলায় জিপিএ পেয়েছে ১৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ জন ছেলে এবং ১১৯ জন মেয়ে। ২০১৯ সালে জিপিএ ৫ পেয়েছিল ২৮ জন শিক্ষার্থী। ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিল ২২ জন শিক্ষার্থী। ২০১৯ সালের থেকে জিপিএ ৫ বেড়েছে ৬.৮৯ শতাংশ।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৭৫ হাজার ৩২৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী। সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮২০, হবিগঞ্জ জেলায় ৫৩২ ও মৌলভীবাজারে ৬৯৭ জন শিক্ষার্থী পেয়েছেন।
উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে। করোনা মহামারির কারণে গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া যায়নি। পরে সিদ্ধান্ত হয় এসএসসি ও জেএসসির পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। অটো পাসের কারণে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গতবছর এই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাস করেছিলো ৬৭.০৫ শতাংশ শিক্ষার্থী।