‘বাঁধ নির্মাণে অনিয়ম সহ্য করা হবে না’

সোহেল তালুকদার, দ.সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেছেন, সুনামগঞ্জের একমাত্র ফসল হলো বোর ফসল। বোর ফসল রক্ষায় সরকারের যা যা করণীয় রয়েছে সবই প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। হাওরের বোর ফসল রক্ষায় পিআইসি কমিটি নির্বাচন থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল কাজ সম্পন্ন করা হয়েছে। চলতি বছরে হাওরের পানি দেরীতে নামার কারণে সার্ভে দেরীতে করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সকল পিআইসিদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুরো দমে কাজ শুরু হয়েছে।
তিনি পিআইসিদের উদ্দেশ্যে বলেন, নির্দেশনা না মেনে কোন পিআইসি কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। পিআইসিদের প্রথম বিল প্রদান করা হয়েছে। বাঁধ আপনাদের কাজও আপনাদের। তাই এখন থেকে বাঁধের কাজে মনিটরিং ও তদারকীর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য তাগিদ প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ এফআইবিডিভি হল রুমে কর্মশালায় তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন’র পরিচালনায় কর্মশালা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং কমিটির সদস্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, গোলাম মো. সাজ্জাদ, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, সাংবাদিক সোহেল তালুকদার, পিআইসি কমিটির সভাপতি ইউপি সদস্য সাইদুর রহমান, আবুল হাসানাত, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী তহুর আলী প্রমুখ।