স্টাফ রিপোর্টার
নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারকে নগদ সাড়ে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫০ টি পরিবার বাছাই করে ১ বান্ডিল করে ঢেউটিন ও ঘরবাড়ি মেরামত করার জন্য নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ ইকাবাল চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রমুখ।
জেলা প্রশাসক জানান, এর আগে গত শুক্রবারও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রামে ৮২ বান্ডিল ঢেউটিন, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকা ও ৮ মে. টন চাল বিতরণ করা হয়েছে।
এদিকে দুপুর ২টায় গ্রামের ক্ষতিগ্রস্ত ৯০ টি পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত’র পক্ষে ৫ হাজার টাকা করে প্রদান করেন দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাড. সোহেল আহমদ, সংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, দিরাই পৌর মেয়র বিশ^জিৎ রায়, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী পিন্টু হাওয়াই, হাবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ তালুকদার বকুল, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুদ্দিন খান নিখিলের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সার্বিক ব্যবস্থাপনায় এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর নেতৃত্বে জেলা যুবলীগের একটি প্রতিনিধি দল খাদ্যসামগ্রী বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, শাল্লা যুবলীগ নেতা ফেনি ভূষন দাস, জেলা যুবলীগ নেতা এড. দিপু রঞ্জন দাস প্রমুখ।


