সুমনকুমার দাশ
আমার মৃত্যুর পর কী হবে? কেউ কি দেবে শোকপ্রকাশ করে কোনো বিবৃতি? কিংবা পত্রিকার কোনো
এক কোণায় অযত্ন-অবহেলায় ছবিবিহীন মুদ্রিত হবে কি মৃত্যুসংবাদ? জানি না কিছুই। কেবল
এটা চাই, উত্তাল হাওরের ঢেউয়ে নৌকাডুবিতে নিখোঁজ হোক মোর মৃতদেহ। ফুলে-ফেঁপে ঢোল হয়ে
ভেসে যাক আমার শরীর কুচুরিপানার মতো এ-হাওর থেকে ও-হাওরে। কাক-চিল টুকরে-টুকরে
খাক পঁচা-গলা লাশ। কেবল হাড়গুলো হাওরের তলদেশে পড়ে থাকুক, সেখানে পলির ওপর পলির স্তর
জমুক। বর্ষা শেষে সেই পলি-জমা স্তরে অচেনা-অজানা কোনো এক কৃষক লাগিয়ে দিক একটি গাছ,
সেটা হবে হিজলগাছ। খুব করে চাই-হাওরের নির্জন বুকে ডালা মেলে দাঁড়িয়ে থাকা একাকী এক
হিজলগাছ শত-সহস্র বছর সাক্ষী থাকুক আমারই মরণের।


