স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, পহেলা বৈশাখ থেকেই সরকারি ক্রয় কেন্দ্রগুলোতে ধান কেনা শুরুর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবো। কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পান জেলা প্রশাসনের সেই চেষ্টা থাকবে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্যোগ আসার আগেই ধান কাটা শেষ করতে হবে। ধান শতভাগ পাকার চিন্তা করলে দুর্ভোগ নেমে আসতে পারে।
ধান কাটতে ছাত্র, কৃষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সকলকেই সহযোগিতা করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, এই সময়টাতে আমাদের নজর যেন হাওরের দিকে থাকে। পাবনা, সিরাজগঞ্জ ময়মনসিংহ, ভোলা থেকে শ্রমিক আসছে। আরো শ্রমিক আনার চেষ্টা চলছে।
জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, মুসল্লীদের নামাজ পড়া নিয়েও বিভ্রান্তিমূলক প্রচারণা করছে একটি পক্ষ। এমন গুজবে যেন কেউ কান না দেন সেই বিষয়টি তুলে ধরতে হবে। এসময় ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে অপব্যাখ্যার সংবাদ নজরে আসলে সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, সকল ধমীর্য় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নারায়ণগঞ্জে মামুনুল হক এর ঘটনা কে কেন্দ্র করে শান্তি ও সৌহার্দ্যরে জেলা সুনামগঞ্জের ছাতক থানা ও শহরে ভাংচুর করা হয়েছে। এ ধরনের অন্যায় কাজ কেউ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কিছু দিন ধরে গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয় সুনামগঞ্জের নেতিবাচক বিষয়। আমরা সকলের প্রচেষ্টায় এই অবস্থার উত্তোরন চাই। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী।


