স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানীর নেতা উইলি ব্রানডিট বলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যেকোন জঘন্য কাজ করতে পারে।
দ্য টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় বলা হয় ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাষিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় সুনামগঞ্জ কালেক্টরেট চত্বরে ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক’ ও অস্থায়ীভাবে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা, সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বাস্তবায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (নিজ নিজ সময় অনুযায়ী) আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ নাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, সুবিধাজনক সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাহায্যপুষ্ট এতিমখানা সমূহে জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত।
ইসলামিক ফাউন্ডেশন
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ছিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ সোমবার সকাল ৮টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ১০ জন হাফেজের সমন্বয়ে খতমে কুরআন অনুষ্ঠান, সকাল ১০টায় হিফজুল কুরআন প্রতিযোগিতা, বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জীবন ও কর্মেও উপর আলোচনা সভা, হামদে বারী তা’য়ালা ও নাতে রাসুল (স:) পরিবেশন, স্ব-রচিত হামদ নাত গজল ও মর্সিয়া প্রতিযোগিতা, মিলাদ কিয়াম, দোয়া ও মুনাজাত সহ তবারক বিতরণ, বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া, মিলাদ ও মুনাজাত।
এ ছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এদিকে রবিবার বিকাল ৪টায় জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল ৫টায় উপস্থিত রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জেলা তথ্য অফিসের বাস্তবায়নে জেলার সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপূর্ণ স্থানে ১ আগস্ট থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধুর উপর ভ্রাম্যমাণ প্রামাণ্য চিত্র প্রদর্শন।


