দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

সু.খবর ডেস্ক
দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৪ ও নারী ৩০ জন। বুধবারের চেয়ে বৃহস্পতিবার ২ জন কম মৃত্যুবরণ করেছেন। বুধবার সর্বোচ্চ সংখ্যক ৯৬ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১০ হাজার ৮১ জন। করোনা শনাক্তের বিবেচনায় বৃহস্পতিবার মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ৯ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪২ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ শতাংশ। আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৮৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫১ লাখ ১৫ হাজার ৫৭২ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৮ লাখ ১১ হাজার ৪১২টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৪ হাজার ১৬০টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। বুধবার পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ১৮৫ জন। গতকালের চেয়ে আজ ৭৩০ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।
বৃহস্পতিবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৪ দশমিক ০৯ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৪ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৭৭০ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৯৯৫ জনের। গতকালের চেয়ে আজ ৬ হাজার ২২৫টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৮৬টি ও বেসরকারি ৭১টিসহ ২৫৭টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯৫৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ৮২৫ জনের। বুধবারের চেয়ে বৃহস্পতিবার ৪ হাজার ৮৬৬টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।
সূত্র : বাসস