সু.খবর ডেস্ক
এভাবেই পাল্টে যায় ইতিহাস। এভাবেই লেখা হয় ইতিহাস। বিশ্বের অন্যতম সেরা টেস্ট খেলোয়াড় সাঙ্গাকারা, জয়সুরিয়াকে জন্মদিয়েও গত ৩৩ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একবারের বেশি জিততে পারেনি শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কা এই ২০১৬ সালে এসে শুধু জিতলই না, হোয়াইটওয়াশই করে ছাড়লো অজিদের।
শেষ টেস্টে হেরাথের অতিমানবীয় ১৩ উইকেটে ১৬৩ রানে জিতেছে স্বাগতিকরা।
এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়া এই নিয়ে টানা তিন টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো। ২০১২-১৩ মৌসুমে ভারতের কাছে ৪-০তে হারার পর ২০১৪-১৫ মৌসুমে পাকিস্তান তাদের হারায় ২-০তে। আর এবার লঙ্কাপাড়ে ৩-০।
শেষ দিন অস্ট্রেলিয়া সর্বসাকুল্যে করতে পারে মাত্র ১৬০। শেষ ইনিংসে হেরাথ একাই নিয়েছেন ৭ উইকেট। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬টি।
শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে প্রথমবার হারায় সেই ১৯৯৯ সালে। তখন হেরাথের বয়স ছিল ২১ বছর। কাগজে-কলমে সেই হেরাথ এখন ৩৮ বছরে পা দিলেও বোলিংয়ে বেড়েছে খুরের মতো ধার।
হেরাথ এই নিয়ে মোট ৬ বার টেস্টে ১০ কিংবা তার বেশি উইকেট দখল করলেন। ছয়বারই ভিন্নভিন্ন দলের বিপক্ষে। হেরাথের উপরে আছেন কেবলমাত্র তার স্বদেশি মুরালিধরন, তিনি ১০ উইকেট নিয়েছেন ৯ বার।
তিন ম্যাচের সিরিজে হেরাথ শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। মোট ২৪টি উইকেট দখল করেছেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে একবার দুই ম্যাচের টেস্টে নিয়েছিলেন ২৩টি।
শ্রীলঙ্কা এদিন ৩৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে দলটির রান ছিল ৩৫৫। অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৭৯। ফলে জয়ের জন্য শেষদিন অজিদের টার্গেট দাঁড়ায় ৩২৩। এশিয়ায় এসে এর আগে মাত্র একবার ৩০০ রান চেজ করে জয়ের দেখা পায় দলটি। সেটা ছিল বাংলাদেশের বিপক্ষে। ২০০৬ সালে। ফতুল্লায়। এবার শ্রীলঙ্কার এত রানের সামনে চেজ তো দূরের কথা, উইকেটে থেকে ম্যাচ ড্র পর্যন্ত করতে পারলো না তারা। হেরাথের বল শেষদিন যেভাবে ঘুরেছে তাতে সেই উপায়ও আসলে ছিল না!
- দুই সরকারি কলেজ ছাত্রী হোস্টেলের সুপার পুরুষ শিক্ষকরা!
- ঈদুল আজহা ও দুর্গা পূজায় মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাসের দাবি


