স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম শিল্পী বেগম (২২)। শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের গুদারা ঘাটে।
গৃহবধু শিল্পী বেগমের বাবার বাড়ির লোকজনের অভিযোগ তাকে পরিকল্পিভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে হত্যার কোন আলামত পায়নি। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী স্বামী সাজিদুল ইসলাম (২৮), শ্বশুর কালা মিয়া (৬০)ও শ্বাশুরী সরফুল বেগম (৫৫)কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে শিল্পী বেগম এর মৃত দেহ বসত ঘরের মেঝেতে পড়ে আছে এমন সংবাদ থানায় পৌঁছলে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিল্পীর বাবার অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা তার মৃত্যুর ঘটনা সন্দেহজনক। তাই জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাজিদুল ইসলাম, শ্বশুর কালা মিয়া ও শ্বাশুরী সরফুল বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শিল্পীর বাবা বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামের লায়েস মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, ‘শিল্পী বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবার অভিযোগ শিল্পীকে হত্যা করা হয়েছে। অভিযোগ পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও শ্বশুর শ্বাশুরীকে আটক করা হয়েছে।’


