স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কে সরকারি কাজে বাধা দেবার অভিযোগে র্যাব সদস্যরা ৪ জন পরিবহন শ্রমিককে আটক করেছে। এদিকে, শ্রমিকদের আটক করার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। রবিবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের সদর উপজেলার মদনপুর এলাকায় দুইঘণ্টা সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে র্যাব ও পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। এসময় সড়কের দুইদিকে আটকে পড়া পরিবহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
র্যাবের দায়িত্বশীলরা জানান, শনিবার বিকেলে র্যাবের একটি টহল দল সুনামগঞ্জ থেকে ছাতকের দিকে যাচ্ছিল। পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় র্যাব সদস্যদের বহনকারী গাড়িটিকে বারবার পাশকাটিয়ে যাচ্ছিল একটি যাত্রীবাসী বাস। এক পর্যায়ে র্যাব সদস্যরা ওই বাসকে থামিয়ে নিজেদের পরিচয় দিয়ে চালক ও অন্যান্যদের সঙ্গে কথা বলেন। পরিচয় জেনেও ওই বাসের চালক ও শ্রমিকেরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়। পরে বাসের ৪ শ্রমিককে র্যাবের সুনামগঞ্জ ক্যাম্পে নিয়ে আসা হয়। এর প্রতিবাদে রোববার সকাল ১১ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুইদিকে কয়েকশ যানবাহন আটকা পড়ে। যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বেলা একটার দিকে সুনামগঞ্জ শহর থেকে পুলিশ ও র্যাব গিয়ে অবরোধ তুলে দেয়।
সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘পরিবহন শ্রমিকেরা স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ তুলে ৪ জন শ্রমিককে র্যাব আটক করেছে। একারণে নাকি শ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট সড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন। মালিকপক্ষের তাতে করার কিছু নেই।
র্যাবের সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ রাসেল জানালেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আমরা ৪ জনকে আটক করেছি। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও র্যাব সেখানে গিয়ে সেটি তুলে দিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানালেন, যানজটে আটকে থাকা যানবাহনগুলোর স্বাভাবিক চলাচল নিশ্চিত করেছেন তারা।
- সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি ব্যবসায়ীদের
- গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্টদের নিয়ে ওরিয়েন্টেশন


