পুলক রাজ
পৌর শহরের শহীদ আবুল হোসেন রোডের ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সড়ক দ্রুত সংস্কার ও ড্যানেজ ব্যবস্থার কাজ শেষ না হওয়ায় না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই।
জানা যায়, পৌর নাগরিকের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সড়ক সংষ্কার, পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজ শুরু হয় গত ১৬ জানুয়ারি পৌর নির্বাচনের পূর্বে। কিন্তু লাগাতারা কাজ না করে ফেলে রাখায় নাগরিক দুর্ভোগ চরমে উঠেছে। বিকল্প কোনো সড়ক না থাকায় চরম ভোগান্তি সহ্য করে এই সড়কে চলাচল করছে এলাকাবাসী। বৃষ্টিতে এখন দুর্ভোগ চরমে উঠেছে। সড়কটিতে চলাচলের সময় দুর্ঘটনার চিন্তা মাথায় নিয়ে চলতে হয়। দিনের বেলায় ঝুঁকি কিছুটা কম হলেও রাতে সড়কটি মরণকূপে পরিণত হয়। এলাকায় রিক্সা ও গাড়ি ঢুকতে পারে না। কেউ অসুস্থ হলে কোন ধরনের গাড়ী ঢুকতে না পারায় রোগীদের নিয়ে হাসপাতালে যেতে খুবই সমস্যা হয়। রোগীদের কষ্টের অন্ত থাকে না।
শামছুল আলম বলেন, শহীদ আবুল হোসেন রোডের ড্রেনেজ ও সড়কের কাজ বন্ধ থাকায় এলাকার জনগণের খুব সমস্যা হচ্ছে। কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। হাসপাতালে একজন রোগী নিয়ে যেতে সমস্যা হয়। আমাদের কষ্ট দেখার কেউ নেই।
আবুল কালাম বলেন, শহীদ আবুল হোসেন রোডের ড্রেনেজের কাজ শুরু হয়েছিলো পৌরসভা নির্বাচনের আগে। কাজ চলছিলো ধীরে ধীরে। নির্বাচনের কিছুদিন পর থেকে কোন কাজই হচ্ছে না। এরকম হলে জনগণ চলবে কেমন করে। সড়কের কাজ না হলে মানুষ যাতায়াত করতে পারছে না। আমরা চাই শহীদ আবুল হোসেন রোডের কাজ দ্রুত শেষ করে নাগরিক দুর্ভোগ লাঘব করা হোক।
দীপ্ত রায় বলেন, রাতের বেলা এই সড়কে চলাচল করতে খুব সমস্যা হয়। কারণ হলো সড়কে বালু পাথরসহ রড থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রোগীদের দারুণ কষ্ট হচ্ছে। কারণ সড়কে কোন গাড়ী ঢুকে না। এমনকি এই সড়কের শেষের দিকে মরাটিলা কবরস্থান রয়েছে। প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে লাশ নিয়ে আসে লোক জন আসেন দাফন করতে। কিন্তু সড়ক বন্ধ থাকায় লাশবাহী গাড়ী ঢুকতে পাড়ে না।
তিনি বলেন, নির্বাচনের আগে মানুষের ঘরে ঘরে গিয়েছেন জনপ্রতিনিধিরা ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু জয়ী হয়ে তারা নাগরিক দুর্ভোগের কোন খবর রাখছেন না। শহীদ আবুল হোসেন সড়কের কাজ বন্ধ থাকায় সাধারন মানুষের দুর্ভোগ বেড়েছে। দ্রুত শহীদ আবুল হোসেন সড়কের কাজ শেষ হোক।
সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, শহীদ আবুল হোসেন রোডের ড্রেনেজ সমস্যা সমাধানের দীর্ঘ দিনের দাবি ছিলো এলাকাবাসীর। ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সড়কের কাজ প্রক্রিয়াধিন রয়েছে। আমরা দ্রুত কাজ শুরু করে দেবো।
তিনি বলেন, এ বছর বৃষ্টি হয়েছে, কিন্তু ওই এলাকায় জলাবদ্ধতা ছিলো না ড্রেনেজ সু-ব্যবস্থার জন্য। আমরা দ্রুত সড়কের কাজ শুরু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণের কাছে আমার আবেদন রইলো আরো একটু ধৈর্য্য ধরে আমাদের সহযোগিতা করুন।


