বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরাখণ্ড ১০

স্বপন কুমার দেব
পূণ্যভূমি আজমীর শরিফ
উত্তর প্রদেশের পশ্চিম পাশেই রাজস্থান। দুটি রাজ্যই আয়তনে বেশ বড়। উত্তর প্রদেশের ফতেপুর সিক্রি থেকে রাজস্থানের আজমীর শরীফের দূরত্ব অনেক। ৩৩৫ কি.মি হবে। ফতেপুর সিক্রি থেকে যখন রওয়ানা দিলাম তখন বেলা দ্বি-প্রহর। ডিসেম্বর মাস। ক্যালেন্ডারের হিসাবে পৌষ মাস অর্থাৎ শীতকাল শুরু হয়ে গেছে। শীতের দুপুর মানে সূর্যের আলো দ্রুত কমতে শুরু করা। বিশাল আকৃতির হাইওয়ের উপর দিয়ে গাড়ি ছুটছে ঘন্টায় আশি থেকে একশত কি.মি বেগে। দিনের আলোর সঙ্গে পাল্লা দিয়ে। বড় বড় সড়কে দূরত্ব হার মানে গতির কাছে। রাজস্থানে যে ঢুকে গেছি তা আশেপাশের দৃশ্য দেখলেই বুঝা যায়। তাপমাত্রার তারতম্য আছে। কিছুটা গরম ভাব। দুদিকে ক্ষেত।  যতদূর দৃষ্টি যায় ফসলি জমি। গ্রামীণ পথচারীদের মাথায় পাগড়ি। পরনে ধুতি-শার্ট। মহিলাদের দু’তিন রঙ্গা শাড়ি পরনে। রুপার অলংকার। হাতে কাচের চুড়িয়া (চুড়ি)। এ অবস্থায় ঝিমুনি ভাব চলছিল। হঠাৎ ব্রেক করে বায়ে ঘেঁষে গাড়ি থামালেন মহসিন খান। পাশেই গ্রামীণ ধাবা। পরিবেশও গ্রামীণ। আমাদের গ্রাম গঞ্জের টি স্টলের মতো। তবে আকারে বেশ বড়। ধাবার সামনে খোলা আঙ্গিনায় চেয়ার টেবিল পাতা। শীতের দিনের আয়োজন। রাজস্থানী গৃহস্থ পরিবার ধাবাটি পরিচালনা করেন। দুই গৃহস্থ বধূ চা বানাচ্ছেন, পুরুষরা চা সহ অন্যান্য খাবার পরিবেশন করছেন। ঘরোয়া আমেজ। খাঁটি দুধ দিয়ে চা আর সামান্য কিছু বিস্কিট চানাচুর খেয়ে আবার গাড়িতে চলা। রাস্তা ভালো ও চওড়া। চার ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা আজমীর। আমাদের সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। কথা ছিল প্রথমে জয়পুর, তারপর আজমীর, পরে পুষ্কর যাওয়া হবে। তিনটি     ২য় পৃষ্ঠায় দেখুন
 স্থানই রাজস্থানে। একটি স্থানের পর আরেকটি স্থান বলেই এভাবে প্রোগ্রাম করা হয়। সূচি পরিবর্তিত হয়ে ঠিক হয়েছে প্রথমে আজমীর শরীফ, অতঃপর পুষ্কুর এবং ফিরতি পথে জয়পুর হয়ে হরিদ্বারে, ভায়া নয়াদিল্লী, অর্থাৎ উত্তরাখণ্ডে প্রবেশ। প্রথমে আজমীর ঠিক হওয়ায় আমরা বরং খুশী। হয়তো খাজা বাবার ইচ্ছেই এরূপ। আজমীর মানেই খাজা বাবার পবিত্র দরগা শরীফ। এই স্থানের কথা বহুবার শুনেছি এবং পত্র-পত্রিকায় পড়েছি। কিন্তু চাক্ষুষ দেখা হয়নি। এবার হবে। এই ভাবনায় আমরা পুলকিত এবং রোমাঞ্চিত। আমাদের দেশে এই সাধক মহাপুরুষ খাজা বাবা নামে অধিক পরিচিত। পুরো নাম খাজা মঈনউদ্দিন হাসান চিশতি। খাজা মঈনউদ্দিন চিশতি একজন ইমাম, ইসলামিক স্কলার এবং মহান দার্শনিক ছিলেন। সর্বোপরি দক্ষিণ এশিয়া অঞ্চলে খাজা মঈনউদ্দিন চিশতি সুফিবাদের আধ্যাত্মিক দর্শন প্রতিষ্ঠায় প্রবাদপ্রতীম মহাপুরুষ ছিলেন। সুফিবাদ দর্শনে খাজা মঈনউদ্দিন সাহেবের চিশতি পরম্পরা বা সিল্সিল্া ভারতবর্ষে সুফিবাদের প্রথম বহিঃপ্রকাশ রূপে বিবেচিত। খাজা মঈনউদ্দিন চিশতি সাহেব পারস্য (ইরান) ও আফগানিস্থানের মধ্যবর্তী সিস্থান নামক অঞ্চলে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৫৩৩ হিজরী সনে (১১৩৮খ্রি.Ñ১১৩৯খ্রি.) জন্মগ্রহণ করেন। স্থানটি বর্তমান ইরানের পূর্বাঞ্চলে অবস্থিত। পিতার নাম খাজা গয়াসউদ্দিন এবং মাতা সায়েদা বিবি। ষোল বছর বয়সে খাজা সাহেব পিতা মাতাকে হারিয়ে এতিম হয়ে যান। পৈত্রিকসূত্রে প্রাপ্ত ফলের বাগানে একদিন খাজা মঈনউদ্দিন চিশতি যখন কাজ করছিলেন তখন ইব্রাহিম কুন্দুসী নামের একজন দরবেশ বাগানে প্রবেশ করে একটি গাছের তলায় বসে বিশ্রাম নিতে থাকেন। খাজা মঈনউদ্দিন চিশতি বাগানের এক গুচ্ছ আঙ্গুর এনে দরবেশ কে খেতে দেন। দরবেশ আঙ্গুর খেয়ে অত্যন্ত প্রসন্ন চিত্তে উনার ঝোলার ভিতর থেকে কিছু একটা বের করে খাজা সাহেবকে খেতে দিলে খাজা সাহেব খাওয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্য্যজনক ভাবে তরুণ খাজা মঈনউদ্দিন চিশতির হৃদয় জ্ঞানের আলোয় ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়ে উঠে। মনে আসে এক বিরাট পরিবর্তন। কিছুদিনের মধ্যে খাজা মঈনউদ্দিন চিশতি উনার সব অর্থ এবং সম্পদ গরীব-দুঃখীদের দান করে দিয়ে সংসার ত্যাগী হন এবং ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য অনেক স্থানে ঘুরে বেড়াতে থাকেন। অবশেষে সেই পরম আরাধ্য মুর্শীদের সঙ্গে দেখা হয়। নাম হযরত খাজা উসমান ফারুকী। আধ্যাত্মিক বিষয়ে অত্যন্ত পন্ডিত ও বিদ্বান ব্যক্তি। খাজা সাহেব মুর্শিদের কাছে নিজেকে সমর্পন করে বিশ বছর সময়কাল উনার সঙ্গে অতিবাহিত করে আধ্যাত্মিক জ্ঞান অর্জনে সমর্থ হন। অতঃপর খাজা মঈনউদ্দিন পবিত্র মক্কা-মদিনা সফর করেন ও পবিত্র হজ্বব্রত পালন করেন। মক্কা ও মদিনা নগরে অবস্থানকালে তিনি স্বপ্নে একটি আদেশ পান। তাকে বলা হয় ভারতবর্ষে গিয়ে সত্যের পথ দেখানোর জন্য। স্বপ্নে আদিষ্ট হয়ে খাজা মঈনউদ্দিন চিশতি ৫২ বৎসর বয়সে ৫৮৭ হিজরি সনে (১১৯০ খ্রি.) মহৎ এক উদ্দেশ্যে নিয়ে রাজপুতানা রাজ্যের (বর্তমান রাজস্থান) আজমীর জনপদে শুভ পদার্পণ করেন। ঐ সময়ে রাজপুতানার শাসক ছিলেন পৃথিরাজ চৌহান। খাজা সাহেব আজমীরে আনাসাগর নামে হ্রদের পাশে একটি  পাহাড়ে বসবাস করতে শুরু করেন। খাজা সাহেবের আধ্যাত্মিক গুণাগুণের জন্য উনার পরিচিতি ক্রমশ: বাড়তে থাকে। একজন সুফি সাধক দরবেশ হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন। বহু লোকজন উনার মুরিদ হন। অনেক ম্যাজিশিয়ান ভোজবাজি ছেড়ে দিয়ে খাজা সাহেবের কাছে নিজেদেরকে সমর্পণ করেন। ক্রমশঃ খাজা সাহেবের আস্তানা ঘিরে বিভিন্ন স্থাপনা ভবন ইত্যাদি গড়ে উঠে। যা বর্তমানের খাজা মঈনউদ্দিন সাহেবের দরগা শরীফ ও দরগা কমপ্লেক্স। অনেকে এই পবিত্র দরগা শরীফ কে খাজা গরিব নেওয়াজ সাহেবের দরগা বলে থাকেন। খাজা সাহেবের আজমীর অবস্থানকালে একটি রাজনৈতিক পরিবর্তন ঘটে। গজনীর সুলতান মোহাম্মদ ঘোরি ভারতবর্ষ আক্রমণ করেন এবং ১১৯২ খ্রি. এক যুদ্ধে পৃথিরাজ চৌহান মোহাম্মদ ঘোরির হাতে পরাজিত হন। মোহাম্মদ ঘোরি খাজা মঈনউদ্দিন চিশতির সঙ্গে দেখা করেছিলেন। পরবর্তী সময়ে একাধিক মোঘল স¤্রাট খাজা সাহেবের অনুসারী হন। ইসলামের শাশ্বত শান্তির বাণী প্রচার করতে খাজা সাহেব উনার শিষ্যদের ভারতবর্ষের বিভিন্ন অংশে প্রেরণ করেছিলেন। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে এবং ধনী গরিব ভেদাভেদহীন ভাবে সবাই খাজা মঈনউদ্দিন চিশতির কাছে ছিলেন সমান। খাজা সাহেবের সুফীবাদের মূল কথা হলো সবার প্রতি ভালোবাসা, কারো প্রতি হিংসা বিদ্বেষ নয়। আত্মার শুদ্ধতা অর্জন করে আধ্যাত্মিক ভাবনায় সমৃদ্ধ হওয়া। খাজা মঈনউদ্দিন চিশতি সাহেবের মূল তিনটি আদর্শ ছিল এরকম। যথা (১) সূর্যের মতো বৈষম্যহীন ভাবে সবাইকে আলো বিতরণ করা। (২) সাগরের মতো উদার হওয়া। যেমন তৃষ্ণা পেলে সবাই পানি পান করে, কোন বিভাজন নেই। (৩) ধরিত্রীর মতো অতিথি পরায়ণ হওয়া। ধরিত্রী বা পৃথিবীর মাটির উপর সবাই যেমন দাঁড়িয়ে আছে। ধরিত্রী কাউকে ফেরত দেন না। খাজা মঈন উদ্দিন চিশতি ৯৭ বৎসর বছর বয়সে ৬৩৩ হিজরি সনে রজব মাসের ৬ তারিখে (মার্চ ১৬/১২৩৬খ্রি.) পরলোক গমণ করেন। উনার মরদেহ আস্তানার ভেতরের মধ্যস্থানে সমাহিত করা হয়। এই কবরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে খাজা মঈনউদ্দিন সাহেবের দরগা শরীফ ও দরগা কমপ্লেক্স। গাড়িতে বসে এসব ভাবতে ভাবতে ড্রাইভার মহসিন খান জানান দিলেন আজমীরের নিকটে এসে গেছি। তখন সন্ধ্যা অতিক্রম করেছে। ইতিপূর্বে আলো ঝলমল জয়পুর নগরী কিছুক্ষণ আগেই পেরিয়ে এসেছি। বিকেলে রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে কমলা কিনে খেয়েছিলাম। রাজস্থানের স্থানীয় ভাষায় কমলাকে নারেঙ্গি বলা হয়। আজমীর শহরে ঢোকার আগে একটি ধাবায় নিরামিষ পোলাও ও রুটি তরকারি দিয়ে ডিনার সেরে নিলাম। আজমীর একটি জেলা শহর। রাস্তায় রাস্তায় অনেক জ্যাম। আমাদের হোটেল গলির ভেতর। খোঁজে পেতে কিছুটা সময় লেগে গেল। হোটেলের রুম ভালো, সব সুবিধাই আছে। তবে বাইরে হই হল্লা, ধুপ্ধাপ্ শব্দ। রাতে ভালো ঘুম হলো না। আমার স্ত্রী শুভ্রার শরীরটা হঠাৎ করে রাতে বেশ খারাপ হয়ে যায়। সঙ্গে থাকা ঔষধপত্র দিয়েই চিকিৎসা চলে। এভাবে বেশ উৎকণ্ঠার মধ্যে দিয়ে রাত কেটে যায়। ভোরের আজান ধ্বনি কানে আসে। কিছুক্ষণ পর আমি বিছানা ছেড়ে ¯œান-টান করে প্রস্তুত। আশ্চর্য্যজনক ভাবে শুভ্রাও রীতিমতো সুস্থ হয়ে গেল। আমরা বেলা ৯টার দিকে দরগা দর্শনের উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে যাই। অনেক অলিগলির শহর। দরগা থেকে বেশ দূরে একটি মেরামতি দোকানের গ্যারেজে মহসিন গাড়ি পার্ক করান। মহসিনের পরিচিত গাইডের সঙ্গে কথাবার্তা হয়। গাইডের কথা মতো উনি দরগা শরীফের খাদেমমন্ডলির একজন। কাজেই অসুবিধার কোন কারণ নেই। পার্কিং থেকে অটোতে করে আমরা রওয়ানা দিলাম। উঁচু নিচু চিকন গলিপথ ধরে ধরে অবশেষে দরগা গেইটের সামনে উপস্থিত। গাইড সাহেব করিৎকর্মা। সবাইকে চেনেন। সম্ভবতঃ উনি ঠিক ঠিকই একজন খাদেম হবেন। ভেতরে ক্যামেরা দিয়ে ফটো তোলা নিষেধ। তবে মোবাইল ফোন নেয়া যায়। জুতা, ক্যামেরা জমা দিয়ে আমরা ভেতরে ঢোকে গেলাম। অনেক দর্শনার্থী। সবাই মাজারের কেন্দ্রস্থল খাজা সাহেবের কবরের সামনে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। হাতে ফুলের ঝুড়ি। লাইনে বিভিন্ন ধর্মের লোকজন আছেন তা বুঝা যায়। পাগড়ি বাঁধা শিখও আছেন। আমরা ছোট একটি মেয়ের কাছ থেকে ফুল কিনে নিই। মহিলা আছেন প্রচুর। গাইড আমাদেরকে বিশেষ ব্যবস্থায় একেবারে সামনে নিয়ে আসেন। জটলা মতোন অবস্থা। কবরের পাশে বসা আরেকজন খাদেমের সাহায্যে ও গাইডের সহায়তায় আমরা খাজা মঈনউদ্দিন চিশতি সাহেবের বাঁধানো কবরে ফুল ছিটিয়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নত মস্তকে দাঁড়িয়ে দোয়া চাইলাম ও মানত করলাম খাজা বাবার দরবারে। এখানে শুদ্ধ চিত্তে কোনো কিছু মানত করলে তা ফলে যায়। এমনই আধ্যাত্মিক শক্তি এই মহাপুরুষের। যার যার মানত তাঁর নিজস্ব ও গোপনীয়। গোপনেই থাকল আমার মানত। স্ত্রীর মানত কি তাও আমি জানতে চাই নি। কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে ধেকে অন্তরে ধারণ করতে চেষ্টা করলাম খাজা মঈনউদ্দিন সুফী সাধক সাহেবের মহান আদর্শ। এ চেতনা যদি হৃদয়ে সামান্যও প্রতিফলিত হয় তাহলে অনেক পরিবর্তন হয়ে যাবে হিংসা-বিদ্বেষে ভরা এই ধরিত্রীর। অনেক ভিভিআইপি, মন্ত্রী, আমলা, বলিউড তারকাদের নিত্য আনাগোনা এই দরগা প্রাঙ্গণে। কিন্তু কলুষিত মনে গেলে কিছুই হবে না। এতো লোক কিন্তু হট্টগোল নেই। মাজার শরীফে যেন অলৌকিকভাবে বেহেস্তের এক অনুভূতি। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে বাধা নেই। আমার সঙ্গে থাকা মোবাইলটি ভালো ছিল না। তাই ফটোও ভালো হয়নি। কবরের বাইরে চত্বরে বিভিন্ন অংশ আছে। আছে মেহমানশালা। জায়গায় জায়গায় পূণ্যার্থীরা বসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন। কেউ কেউ ধর্মগ্রন্থ পাঠ করছেন। বাচ্চা কোলে নিয়ে অনেক মহিলারা চত্বরে বসে চোখ বুঝে দোয়া চাইছেন। অনেকের চোখ  দিয়ে অশ্রু ঝরছে। চাক্ষুষ না দেখলে এই অনুভূতি বুঝা যাবে না। খাজা বাবার দরগায় অনায়াসে এক জীবন কাটিয়ে দেয়া যায়। তবুও আমাদের চলে আসতে হলো। এই পূণ্যস্মৃতি আজীবনের জন্য হৃদয়ে ধারণ করে খাজা মঈনউদ্দিন চিশতি সাহেবের মাজারের বাইরে চলে আসি। আজমীরে আরো অনেক কিছু দেখার থাকলেও আমাদের হাতে সময় নেই। সর্বমোট দুই ঘণ্টা পরে আবার রওয়ানা দিলাম। এবারের গন্তব্য রাজস্থানের পুষ্কর নামে অন্য আরেক পূণ্যভূমি। (চলবে)
লেখক: কথাসহিত্যিক ও সিনিয়র আইনজীবী।