ছাতকে দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে আহত ৮

ছাতক প্রতিনিধি
ছাতকে দোকান কোটার মালিকানা নিয়ে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষে ৮ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিন কুপিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিই কুপিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল জব্বারের দখলে থাকা বাড়ির সামনের এক দোকান কোটার মালিকানা নিয়ে অপর ভাই আব্দুস ছাত্তারের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার রাতে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি নিঃস্পত্তি করে দেয়া হয়। মঙ্গলবার বিকেলে আব্দুস ছাত্তারের পক্ষ দোকানকোটা উচ্ছেদ করতে গেলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত বাবুল মিয়া (২৬), আব্দুল খালেক (২২) ও সমুজ মিয়া (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংমালা বেগম (৪৫), আব্দুল মান্নান (৪৮) সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, ঘটনাটি আপোষে নিঃপত্তির চেষ্টা চলছে।