স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের গ্রাম শহরে শারদীয় দুর্গা পূজা উৎসবমুখর করতে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সোমবার বিকালে শহরতলির ইব্রাহিমপুর ও জগন্নাথপুর গ্রামের পূজা ম-প পরিদর্শনকালে এমন কথা বলেন জেলার এই দুই শীর্ষ কর্মকর্তা।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ইব্রাহিমপুর পূজা ম-পে উপস্থিত পূজারীদের বলেন, পূজার আগে ও পূজার দিনগুলোতে হিন্দু ধর্মাবলম্বিরা উৎসবের আমেজে কাটাবেন, প্রশাসনের ও আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী গণমাধ্যম কর্মীসহ অন্যান্য ধর্মাবলম্বি সকলেই উৎসবকে প্রাণবন্ত করতে সহযোগিতা দেবেন। কোথাও কেউ আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য অশোভন কোন কাজ করলে, কঠোরভাবে তা ঠেকানো হবে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বললেন, ধর্ম যার যার- উৎসব সবার, এভাবেই চিন্তা করতে হবে সকলকে। সহযোগিতা করতে হবে একে অপরকে। পুলিশ উৎসব উপলক্ষে সর্বোচ্চ সতর্ক ও সজাগ দৃষ্টি নিয়ে কাজ করবে।
ইব্রাহিমপুর ও জগন্নাথপুর পূজা ম-প পরিদর্শণের সময় সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, ইব্রাহিমপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ দাশ, সুব্রত দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত. সুনামগঞ্জে এবার ৪১৯ টি পূজা ম-পে দুর্গা পূজা হবে।


