স্টাফ রিপোর্টার
সব্যসাচী ক্রীড়াবিদ, সফল সংগঠক ও ডিএফ’র সাবেক সভাপতি শাহ আবু জাকের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্যারামাউন্ট পরিবারের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্যারামাউন্ট ক্লাবের সভাপতি উজ্জ্বল বখত।
প্যারামাউন্ট ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ’র পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজির আহমেদ চৌধুরী, সাবেক ক্রিকেটার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম, সাবেক ক্রিকেটার সিরাজুর রহমান ও নাদির আহমদ, সুনামগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক সৌমিত্র রায় তাপস, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল নোমান, সাবেক ক্রিকেটার অণীশ তালুকদার বাপ্পু, মাহবুবুল হাসান শাহীন, জি এম তাশহিজ, আবুল হাসনাত মো. কাওসার প্যারামাউন্ট ক্লাবের অধিনায়ক মাহবুব আলম মিসবাহ প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং শাহ আবু জাকের’র বড় ভাই শাহ্ আবু নাসের সহ প্যারামাউন্ট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, শাহ আবু জাকের ভাই সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের সকলের কাছে খুবই প্রিয় ছিলেন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও সরল মনের অধিকারী ছিলেন। সকলের সাথে হাসি মুখে কথা বলতেন। বিনয়ী কথাবার্তায় তিনি সবাইকে খুব সহজেই মুগ্ধ করতে পারতেন।
বক্তারা বলেন, জেলা স্টেডিয়ামে যে কোন আয়োজন জাকের ভাই ছাড়া পরিপূর্ণ হতো না। তাঁর মতো মানুষ ক্রীড়াঙ্গনে প্রতিটি মুহূর্তে প্রয়োজন। জাকের ভাই আমাদের ছেড়ে চলে গেলেও তাঁর মহৎ কর্মের মাধ্যমে তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।
এসময় শাহ আবু জাকের সহ ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সকলের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেয়ার কথা বলেন বক্তারা।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর শাহ্ আবু জাকের (৫২) গত ২৫ জুলাই রবিবার দুপুরে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
- শিমুলবাঁক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সিলেটে মতবিনিময়
- কার্যকর ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থাপনা দেখাই সকলের কাম্য


