সু.খবর ডেস্ক
২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ছয় দিনই শুক্র ও শনিবার। ২২ দিনের ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে। মোট ২২ দিনের মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার রয়েছে।
ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন নৃ-গোষ্ঠীর কর্মচারীদের সামাজিক উৎসবের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটি রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সূত্র : ঢাকাটাইমস
- স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু ১ নভেম্বর
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে তাহিরপুর ছাত্রলীগ


