সিলেট না যেতে পারলে চাকরি থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
‘আমরা সবাই ড্যানিস কোম্পানীতে চাকরি করি। আজকে সকালে সিলেটে কোম্পানীর মিটিং ছিলো। সেজন্য সকাল ৯ টার ভেতরে সিলেট পৌঁছানোর কথা ছিলো। সকালে স্টেশনে এসে দেখি বাস বন্ধ। এখন আমরা ভোগান্তির মাঝে পড়েছি। এদিকে কোম্পানীর স্যার বলেছেন, আজকে যদি সিলেট না যেতে পারি তাহলে যেনো আমরা রিজাইন দিয়ে দেই।’ কথাগুলো বলছিলেন দিগি¦জয় রায় শাওন ।
শুধু শাওন নয়। তার সঙ্গে থাকা বাকি ৩ জনও বললেন একই কথা। সিলেট না যেতে পারলে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে তাদের।
ডিজেলসহ সকল প্রকার জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জে শুক্রবার সকাল থেকে দুই দিনব্যাপী সব ধরণের যাত্রী পরিবহন বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক সমিতি। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। সকাল থেকে সিলেট ও ঢাকাগামী কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে বিভাগীয় শহর সিলেটে সিএনজি দিয়ে যেতে পারছেন যাত্রীরা। এছাড়া জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
জামালগঞ্জের বাসিন্দা মো. তুহিন বললেন, আমরা আগে থেকে জানতাম না আজকে পরিবহন ধর্মঘট। জানলে একশ টাকা খরচ করে শহরে আসতাম না। এখন টাকা খরচের সাথে বাড়তি ভোগান্তি তৈরি হলো।
পরিবহণ শ্রমিক মো. হুমায়ূন কবির বললেন, আমি পরিবহনে চাকরি করি। তেলের দাম বাড়ার কারণে মালিক ও শ্রমিক সংগঠন থেকে গাড়ি চালাতে নিষেধ দিয়েছে। যতক্ষণ যাবৎ সমাধান না হবে তথক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে। এতে আমরাও বিপাকে পড়েছি।
বাস চালক মো. আনোয়ার আলী বলেন, তেলের দাম বাড়ছে। যাত্রীদের আগের ভাড়ায় কিভাবে আমরা গাড়ি চালাবো সেটা ভেবে পাই না। তেলের দাম বাড়ার কারণে গাড়ির খরচও তো বাড়বে। সেজন্য আমরা আজ গাড়ি সড়কে নামাইনি।