স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শনির হাওরের বীরনগর ফসলরক্ষা বেড়ীবাঁধের খাল থেকে দুই নিখোঁজ শিশুর মরদেহ সোমবার বিকেল ৩টায় উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ ও বিশ^ম্ভরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকাল ৩টায় তাহিরপুর উপজেলা সদরের বীরনগর গ্রামের আপন দুই চাচাত ভাই বোন নিখোঁজ হয়। উদ্ধার হওয়া শিশু ইমা আক্তার (৫) তাহিরপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়ার মেয়ে। অপর শিশু একই গ্রামের আসিকনূরের ছেলে ইউপি সদস্য বাবুল মিয়ার ভাতিজা আরমান হোসেন (৪)।
সোমবার বিকেলে বিশ^ম্ভরপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল এবং তাহিরপুর থানার পুলিশ মিলে প্রায় এক ঘণ্টাব্যাপী উদ্ধারকাজ চালিয়ে বিকাল ৩টায় দুই শিশুর লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরীদল এবং তাহিরপুর থানা পুলিশ সদস্যরা মিলে ২টি শিশুর লাশ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যরা রাতেই দাফনকাজ সম্পন্ন করবেন।


