জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, সম্প্রীতির এ দেশে হিন্দু-মুসলানদের মধ্যে একটি গোষ্ঠী দাঙ্গা লাগানোর অপচেষ্ঠা চালায়। এটা কোনো ভাবে কাম্য নয়। সম্প্রতিকালের ঘটনায় আমরা লজ্জা পেয়েছি। তিনি বলেন, পবিত্র আল কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা অন্যায়ভাবে কোন জাতির সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত, হিংসা বিদ্বেষে জড়িও না। এটা ইসলাম সমর্থন করে না।
সোমবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত অস্বচ্ছলদের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের পাশাপাশি দরিদ্র ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ সরকার নারী ও শিশুদের জন্য কাজ করছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
পরে পরিকল্পনা মন্ত্রী এক কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে কৃষি কর্মকর্তার কার্যালয় ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় কৃষি পণ্য বিতরণী সভায় বক্তব্য দেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রমুখ।
বিকেলে তিনি উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের বাস্তবায়নে ৮৬ লাখ টাকা ব্যয়ে ভবনের উদ্বোধন করেন।


